নাইক্ষ্যংছড়িতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে ৭ মালিককে জরিমানা


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুমে অবৈধ করাতকলে অভিযান চালিয়ে সাতটি অবৈধ করাতকলের মালিকদের জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) দুপুরে নাইক্ষ্যংছড়ি উপজেলার ঘুমধুম ইউনিয়নের বিভিন্ন এলাকায় এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু।
এ সময় উপস্থিত ছিলেন নাইক্ষ্যংছড়ি রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ তানভীর খলিলসহ বন বিভাগের কর্মকর্তারা।
অভিযানে সাতটি করাতকলের লাইসেন্স ও কাগজপত্র দেখাতে না পারায় কবির আহমদকে ৩ হাজার টাকা, সুগত বড়ুয়াকে ৫ হাজার টাকা, রহিম উদ্দিনকে ২ হাজার টাকা, গফুরকে ২ হাজার টাকা, আব্দুল হামিদকে ৫ হাজার টাকা জরিমানাসহ মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয় এবং প্রায় ১০০ ঘনফুট কাঠ জব্দ করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট ইসমাত জাহান ইতু জানান, অবৈধ করাতকলের বিরুদ্ধে উপজেলায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















