বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার সীমান্তঘেষা জামছড়ি স্টেশনে বহিরাগত এবং গ্রামবাসীর সঙ্গে হামলার ঘটনা ঘটেছে। এতে ৬ গ্রামবাসী আহত হয়েছেন। আহতদের মধ্যে গুরুতর অবস্থার জন্য কিছু মানুষ কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি হয়েছেন।
রবিবার ( ৩১ মে ) সরেজমিনে গিয়ে জানা যায়, জমি সংক্রান্ত একটি বিষয় নিয়ে দুই পক্ষের মধ্যে মারামারি হয় এবং এতে ৬ জন আহত হয়। ঘটনার পর গ্রামবাসী ক্ষুব্ধ হয়ে প্রতিবাদ সভা করেছেন।
হামলায় আহতরা হলেন: শফিউল্লাহ (১৫), নূর মোহাম্মদ (২৪), আরিফুল্লাহ (১৯), হাফেজ আহমদ (১৯), মনির আহমদ (২০) ও কাদির হোসেন (২৬)। শফিউল্লাহ স্থানীয় এক দাখিল মাদরাসার সপ্তম শ্রেণির ছাত্র।
ঘটনার পর গ্রামবাসীরা নাইক্ষ্যংছড়ি থানাকে অবহিত করলে, থানার উপ-পরিদর্শক রিনাল চাকমা আহতদের হাসপাতালে পাঠান। রোববার বিকেলে স্থানীয় গ্রামবাসীরা একটি প্রতিবাদ সভা করেন এবং বহিরাগতদের হামলার বিচার দাবি করেন।
নাইক্ষ্যংছড়ি থানার অফিসার ইনচার্জ মো. মোজাম্মেল হক জানান, তিনি বিষয়টি জানেন এবং অভিযোগ পাওয়ার পর বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণ করবেন।
