ঘুমধুম সীমান্তে গত ২৪ মে তিন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের ব্যক্তি মাইন বিস্ফোরণে নিহত হওয়ার ঘটনায় তাদের পরিবারকে আর্থিক সহায়তা ও খাদ্যসামগ্রী বিতরণ করেছে বান্দরবান জেলা প্রশাসন।
মঙ্গলবার (২ জুন) দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ে আয়োজিত এক অনুষ্ঠানে এ সহায়তা প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য মাধবী মার্মা। তিনি নিহত প্রত্যেকের পরিবারের হাতে নগদ ১৫ হাজার টাকা এবং ৩০ কেজি করে চাল তুলে দেন। এ সময় তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান এবং ভবিষ্যতেও তাদের পাশে থাকার আশ্বাস দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মো. সানিউল ফেরদৌস, অতিরিক্ত জেলা প্রশাসক মো. আবু তালেব এবং আমিনুল ইসলাম বাচ্চুসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা।
উল্লেখ্য, গত ২৪ মে দুপুরে ঘুমধুম সীমান্ত এলাকায় মাইন বিস্ফোরণে তিন বাংলাদেশি নিহত হন। নিহতরা হলেন লেয়ারা চাকমা, অংকে মং চাকমা ও লিও মং চাকমা। এ ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে জরুরি সহায়তা দেওয়ার লক্ষ্যে এ উদ্যোগ নেওয়া হয়।
এদিকে মঙ্গলবার (২ জুন) পার্শ্ববর্তী তুইঙ্গাঝিরি পয়েন্ট এলাকায় আরও এক তঞ্চঙ্গ্যা কিশোরের মৃত্যুর খবর পাওয়া গেছে। ৩৪ বিজিবি সূত্রে জানা গেছে, সে সীমান্ত অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে গিয়ে মারা গেছে।
