নাইক্ষ্যংছড়িতে পাহাড় কাটার দায়ে ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ড


বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে অবৈধভাবে পাহাড় কাটার দায়ে মো. আবু বক্কর ছিদ্দিক (২৫) নামের এক ব্যক্তিকে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (২৭ নভেম্বর ) দুপুরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ও নাইক্ষ্যংছড়ি উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট উজ্জ্বল রায় এ আদেশ দেন।
দণ্ডপ্রাপ্ত মো: আবু বক্কর ছিদ্দিক (২৫) নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আদর্শগ্রামের মৃত রশিদ আহমদের ছেলে।
স্থানীয়রা জানান, দুপুরে উপজেলার নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের আর্দশগ্রাম এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায়। এসময় পাহাড় কাটারত অবস্থায় আবু বক্কর ছিদ্দিককে আটক করা হয়। পরে তাকে তিনমাসের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন ভ্রাম্যমাণ আদালত।
নাইক্ষ্যংছড়ি সহকারী কমিশনার (ভূমি) উজ্জ্বল রায় বলেন, যারা পাহাড়-টিলা কেটে পরিবেশের ক্ষতি করছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। পরিবেশ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

















