parbattanews

নাইক্ষ্যংছড়িতে বর্ণাঢ্য আয়োজনে প্রবারণা পূর্ণিমা পালন, আকাশে ফানুস বাতির ঝিলিক

বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। আর এই উৎসবকে ঘিরে নাইক্ষ্যংছড়ির ধুমড়ি হেড়ম্যান পাড়া, বড়ুয়া পাড়স ধৈয়ার বাপের মারমা পাড়া, ধাবনখালী মারমা পাড়া, সোনাইছড়ি মারমা পাড়াসহ নানা পাড়া মহল্লায় বিভিন্ন বৌদ্ধ বিহারে দেশ ও জাতির মঙ্গল কামনায় ফানুস উড়ানোর আয়োজন করা হয়েছে।

রবিবার (৯ অক্টোবর) সন্ধ্যা থেকে ধুমড়ী হেড়ম্যান পাড়া, বৌদ্ধ বিহারসহ উপজেলার বিভিন্ন বিহারে শত শত ফানুস উড়ানো হয়। ফানুস বাতির ঝিলিক ও আলোতে রঙিন হয়ে উঠেছে সীমান্ত ঘেঁষা নাইক্ষ্যংছড়ির আকাশ।

এদিকে শুভ প্রবারণা পূর্ণিমা উপলক্ষে সকাল থেকে ঐতিহ্যবাহী ধৈয়ার বাপের মারমা পাড়া, বৌদ্ধ বিহারসহ বিভিন্ন বিহারে দায়ক দায়িকাগণ উপস্থিত হয়ে বুদ্ধ পূজা, বুদ্ধকে স্নান করানো, সমবেত প্রার্থনাসহ নানা ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে এই উৎসব পালন করেন। সেখানে হাজারো মানুষের প্রাণবন্ত উপস্থিতিতে এক মিলন মেলায় পরিণত হয়।

এই উৎসব উপলক্ষে নাইক্ষ্যংছড়ি উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক মো. শফি উল্লাহ ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মংলা ওয়াই মারমা সকলকে শুভেচ্ছা জানিয়েছেন।

আলি মিয়া পাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাবু মংলাক্যউ মারমা জানান, প্রতি বছরের ন্যায় এ বছরও সম্প্রীতির বন্ধনে আবদ্ধ হয়ে পাহাড়ি-বাঙালিরা সকলে মিলে এই উৎসব পালন করা হচ্ছে।

আজ সোমবার (১০ অক্টোবর) যথাযথ ধর্মীয় রীতি অনুযায়ী আকাশে ফানুস বাতির ঝিলিক দেখা যাবে।

Exit mobile version