parbattanews

নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেছে বাংলাদেশি যুবকের পা

নাইক্ষ্যংছড়ি মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে উড়ে গেছে বাংলাদেশি যুবকের পা। শনিবার (১০ ডিসেম্বর) ভোর ৪টার দিকে এ ঘটনা ঘটে। বান্দরবানের নাইক্ষ‍্যংছড়ি উপজেলার সদর ইউনিয়নের চেরার মাঠ এলাকার স্থানীয় অলির ছেলে, নুরুল আমিন (১৮) নামে এক যুবকের বাম পা বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।

নাইক্ষ‍্যংছড়ি সদর ইউনিয়নের ৯নং ফুলতলী ইউপি সদস‍্য মো. শামশু জানান, গভীর রাতে মিয়ানমারে অনুপ্রবেশের সময় মো. নুরুল আমিন (১৮) হয়তো তার পায়ের স্পর্শে মিয়ানমারের ফেলে রাখা স্থল মাইন বিস্ফোরণের এই ঘটনা ঘটে। এতে নুরুল আমিনের বাম পা উড়ে যায়।

বর্তমানে তিনি কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আছেন বলে ইউপি সদস্য জানান।

এ বিষয়ে নাইক্ষ‍্যংছড়ি সদর ইউপি চেয়ারম্যান নুরুল আবছার ইমনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনিও ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন উক্ত এলাকার লোকমুখে শুনেছেন বিষয়টি।

Exit mobile version