ফাতেমা জান্নাত মুমু:
রাঙামাটি জেলার নানিয়ারচর উপজেলায় অস্ত্রসহ এক উপজাতি সন্ত্রাসিকে আটক করেছে সেনা সদস্যরা। আটককৃতের নাম- কনক কুমার চাকমা (৫০)।
বুধবার সকালে নানিয়ারচর উপজেলার কালাপাহাড়ের জুরাপাত্তা পাড়া এলাকা থেকে অস্ত্রসহ তাকে আটক করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার সকালে রাঙামাটি নানিয়ারচর উপজেলায় কালা পাহাড় এলাকায় জুরাপাত্তা পাড়ায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় নানিয়ারচর জোনের সেনাবাহিনীর একটি দল। এসময় অস্ত্রসহ হাতে নাতে আটক করা হয় কনক কুমার চাকমা নামে একজনকে। আটকের পরে তাকে প্রথমে নানিয়ারচর জোনে পরে উপজেলা থানায় প্রেরণ করা হয়।
এব্যাপারে রাঙামাটির নানিয়ারচর উপজেলা থানার কর্মকর্তা (ওসি) এসএম মাহাবুব আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃত কনক কুমার চাকমার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা করা হয়েছে।
