নিউএজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় ইউপিডিএফের উদ্বেগ


ঢাকায় দুর্বৃত্ত কর্তৃক প্রকাশ্যে গুলিবিদ্ধ হয়ে সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় শরিফ ওসমান হাদির মৃত্যুকে কেন্দ্র করে প্রথম আলো ও ডেইলি স্টার কার্যালয়ে হামলা-ভাংচুর-অগ্নিসংযোগকালে আটকে পড়া সাংবাদিকদের সহায়তা করতে যাওয়া সম্পাদক পরিষদের সভাপতি ও ইংরেজি দৈনিক নিউএজ সম্পাদক নূরুল কবীরকে হেনস্তার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট (ইউপিডিএফ)।
শুক্রবার (১৯ ডিসেম্বর) সংবাদ মাধ্যমে পাঠানো বিবৃতিতে ইউপিডিএফের সহসভাপতি নূতন কুমার চাকমা বলেন, প্রকাশ্যে দিবালোকে ওসমান হাদিকে গুলি ও পরে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু এবং এ ঘটনাকে কেন্দ্র করে প্রথম আলো, ডেইলি স্টার কার্যালয়সহ দেশের বিভিন্ন স্থানে তাণ্ডব ও ‘মব’ সৃষ্টি করে নিউএজ সম্পাদক নূরুল কবীরের ওপর হামলা-হেনস্তার ঘটনা অত্যন্ত উদ্বেগজনক। অন্তর্বর্তী সরকার ও আইন-শৃঙ্খলা বাহিনী এর দায় সরকার কখনো এড়াতে পারে না।
বিবৃতিতে ইউপিডিএফ অবিলম্বে ওসমান হাদি হত্যাকাণ্ডসহ সাংবাদিক নূরুল কবীরের ওপর হামলা-হেনস্তার সাথে জড়িতদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানায়।
















