নিজের কর্মপরিকল্পনা ব্যক্ত করলেন তারেক রহমানের প্রেস সচিব

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগ পাওয়ার পর সালেহ শিবলী নিজের কর্মপরিকল্পনা ব্যক্ত করে বলেছেন, “দলের পক্ষ থেকে আমাকে যে দায়িত্ব দেওয়া হয়েছে, আমি তার মাধ্যমে সংবাদমাধ্যমের সঙ্গে জনগণের নিবিড় যোগাযোগ রক্ষা করতে চাই।”
তিনি বলেন, একটি গণতান্ত্রিক সরকার গঠনের অন্যতম পূর্বশর্ত হলো দায়িত্বশীল ও স্বাধীন গণমাধ্যম। শনিবার (৩ জানুয়ারি) দুপুরে জাতীয় প্রেস ক্লাবে সাংবাদিক ইউনিয়ন আয়োজিত শোক সভায় অংশ নিয়ে তিনি এ কথা বলেন।
সালেহ শিবলী আরো বলেন, “আমরা যদি বাংলাদেশকে একটি কাঙ্ক্ষিত লক্ষ্যে এগিয়ে নিতে চাই এবং জনগণের ভাষা বুঝে গন্তব্যে পৌঁছাতে চাই, তবে দায়িত্বশীল ও স্বাধীন সংবাদমাধ্যম একান্ত প্রয়োজন। তারেক রহমান একটি গণতান্ত্রিক, মানবিক ও স্বনির্ভর বাংলাদেশ গড়ার যে পরিকল্পনা করেছেন, তার জন্য জনগণের ভোটে নির্বাচিত ও দায়বদ্ধ সরকার প্রয়োজন। আর সেই জবাবদিহিমূলক রাষ্ট্রব্যবস্থা গঠনে গণমাধ্যমকে দায়িত্বশীল ও স্বাধীনভাবে কাজ করতে হবে।”
এর আগে শনিবার (৩ জানুয়ারি) দুপুরে বিএনপির পক্ষ থেকে বিজ্ঞপ্তির মাধ্যমে এ এ এম সালেহকে (সালেহ শিবলী) ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রেস সচিব হিসেবে নিয়োগের বিষয়টি জানানো হয়।
শোক সভায় সাংবাদিক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং বিভিন্ন গণমাধ্যমের কর্মীরা উপস্থিত ছিলেন।

















