নির্বাচনে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হবেন মাল্টিমিডিয়া সাংবাদিকরা : সর্বমিত্র চাকমা


ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের কার্যনির্বাহী সদস্য সর্বমিত্র চাকমা বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ স্টেকহোল্ডার হবেন আমাদের মাল্টিমিডিয়া সাংবাদিক ভাই-বোনেরা , যাদের মোজো সাংবাদিক বলে চিনি আমরা। তিনি বলেন, প্রথম সারির মিডিয়াকে কব্জায় রাখতে পারলেও মোজোদের নিয়ে অনেকের আশঙ্কা। কারণ , তারা যা পায় তাই প্রকাশ করে বসে , তাদের নিয়ে কারোর আছে ক্ষোভ , কারোর ভয়।
শনিবার (৭ ফেব্রুয়ারি ) সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের এক স্ট্যাটাসে এসব কথা বলেন তিনি।
ফেসবুক পোস্টে সর্বমিত্র বলেন, মাঠপর্যায়ে কাজ করা এই সাংবাদিকরা যা দেখছেন, সেটিই সরাসরি তুলে ধরছেন—কোনো সম্পাদনা বা ফিল্টার ছাড়াই। এ কারণেই তাদের নিয়ে কারও রয়েছে ক্ষোভ, কারও আবার ভয়।
তিনি বলেন, একটি পক্ষ খুব সূক্ষ্ম কৌশলে মোজো সাংবাদিকদের উসকে দেওয়ার চেষ্টা করছে, যাতে ভয়ভীতি বা উত্তেজনার মাধ্যমে তাদের কর্মবিরতি কিংবা আন্দোলনে ব্যস্ত রাখা যায়।
তিনি আরও বলেন, এরই ধারাবাহিকতায় গতকাল মোজো সাংবাদিকদের ওপর পুলিশি হামলার ঘটনা ঘটে। এর প্রতিবাদে আজ রাজধানীর শাহবাগে সাংবাদিকরা শান্তিপূর্ণ আন্দোলনে অংশ নেন।
এই প্রেক্ষাপটে মোজো সাংবাদিকদের প্রতি সহকর্মী ও শুভানুধ্যায়ীদের আহ্বান জানিয়ে তিনি বলেন, মোজো সাংবাদিকদের প্রতি অনুরোধ থাকবে তারা যেন সাহসের সাথে, ধৈর্যের সাথে শক্ত থাকেন।

















