নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে বাঘাইছড়িতে বিজিবির মহড়া অনুষ্ঠিত


আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচনকালীন নিরাপত্তা ও সার্বিক প্রস্তুতির অংশ হিসেবে সদর দপ্তর বিজিবির নির্দেশনা অনুযায়ী মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর সার্বিক ব্যবস্থাপনায় রাঙ্গামাটির বাঘাইছড়িতে পরিচালিত পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলন (STX) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২০ জানুয়ারি) জোন কমান্ডার লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি, মারিশ্যা জোন (২৭ বিজিবি)-এর নেতৃত্বে মারিশ্যা জোন সদর প্রশিক্ষণ মাঠে চূড়ান্ত মহড়া অনুশীলন অনুষ্ঠিত হয়। উক্ত মহড়ার মাধ্যমে অংশগ্রহণকারী সদস্যদের উদ্ভূত পরিস্থিতি ও আইন-শৃঙ্খলা নিয়ন্ত্রণ, দলগত সমন্বয় ও পেশাগত দক্ষতার বাস্তব পরিস্থিতি যাচাই করা হয়। উল্লেখ্য যে, পরিস্থিতিগত প্রশিক্ষণ অনুশীলনে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর উপস্থিত অফিসার, জুনিয়র কর্মকর্তা, পদবিধারী এবং বিভিন্ন পদবীর সদস্যগণ অংশগ্রহণ করেন।
এ সময়ে মারিশ্যা ব্যাটালিয়ন (২৭ বিজিবি)-এর অধিনায়ক লে. কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি বলেন, বিজিবি দেশের সার্বভৌমত্ব ও সীমান্ত নিরাপত্তা রক্ষার পাশাপাশি পাহাড়ে শান্তি, সম্প্রীতি ও উন্নয়ন নিশ্চিত এবং আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন-২০২৬ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সর্বদা প্রস্তুত রয়েছে।















