নির্বাচন কমিশনারের অনুরোধে তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত


বিএনপির চেয়ারম্যান তারেক রহমানের উত্তরাঞ্চল সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নির্বাচন কমিশনারের অনুরোধে এ সফর স্থগিত করা হয়েছে বলে জানিয়েছেন তিনি।
শুক্রবার (৯ জানুয়ারি) রাতে গুলশানে রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির সদস্যের বৈঠক শেষে উপস্থিত সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
ফখরুল বলেন, দলের চেয়ারম্যান জনাব তারেক রহমানের সভাপতিত্বে স্থায়ী কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। এই সময় দলের স্থায়ী কমিটি আমাদের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছেন।
তিনি আরও বলেন, নির্বাচন কমিশনারের অনুরোধে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান তারেক রহমান আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তাদের কবর জিয়ারত ও কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তর অঞ্চলের কয়টি অঞ্চলে সফর করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন। এ ব্যাপারে নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যানের সফর স্থগিত করা হয়েছে।
এ সময় আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করার জন্য বিভিন্ন চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
তিনি বলেন, নির্বাচনকে বানচাল করার জন্য বিভিন্ন ধরনের ষড়যন্ত্র করা হচ্ছে। তারই অংশ হিসেবে ওসমান হাদিকে হত্যা করা হয়েছে। এছাড়াও বিভিন্ন দলের রাজনৈতিক নেতাকর্মীদের হত্যা করা হচ্ছে। সম্প্রতি স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সদস্য সচিব আজিজুর রহমান মোসাব্বির কে হত্যা করা হয়েছে । আমরা এসব হত্যাকাণ্ডের তীব্র নিন্দা জানিয়েছি এবং অবিলম্বে হত্যাকারীদের গ্রেপ্তারের দাবি জানিয়েছি।
এর আগে বিএনপির সহ-দপ্তর সম্পাদক মোহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতেও এ তথ্য জানানো হয়।
সেখানে বলা হয়, আগামী ১১ জানুয়ারি ২০২৬ থেকে জাতীয় নেতা মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী ও ২০২৪ গণঅভ্যুত্থানে শহীদ আবু সাঈদসহ অন্যান্য শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর জন্য, তাদের কবর জিয়ারত ও কিছু পারিবারিক দায়িত্ব পালনের জন্য দেশের উত্তর অঞ্চলের কয়টি অঞ্চলে সফর করার জন্য সিদ্ধান্ত নিয়েছিলেন তারেক রহমান। কিন্তু এ ব্যাপারে নির্বাচন কমিশনারের অনুরোধে বিএনপির চেয়ারম্যানের সফর স্থগিত করা হয়েছে।

















