‘নির্বাচন হবে সুষ্ঠ-অবাধ ও নিরপেক্ষ, ব্যতয় ঘটলে দায়ী প্রিজাইডিং কর্মকর্তা’

বান্দরবানের জেলা প্রশাসক শাহ মোজাহিদ উদ্দিন বলেছেন, নির্বাচন হবে স্বচ্ছ-সুষ্ঠ-অবাধ ও নিরপেক্ষ। সরকার চায় নির্বাচন হোক গ্রহণযোগ্য-সুন্দর। নির্বাচন কমিশনারও চায় নির্বাচন যেন প্রশ্নবিদ্ধ না হয়। এসব বিষয় মাথায় রেখে নাইক্ষ্যংছড়ির নির্বাচন হবে সম্পূর্ণ স্বচ্ছ-উৎসবমুখর। আর এ জন্যে ইতিমধ্যেই সব ব্যবস্থা নেয়া হয়েছে।
তিনি আরো বলেন, প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থাসহ ৪ ধরণের ফোর্স ও জরুরি নম্বর টাঙ্গানো থাকবে। অনিয়ম দেখা দিলে সাথে সাথে ফোন নম্বর গুলোতে জানালে সাথে সাথে ব্যবস্থা নেওয়া হবে। আর এর পরেও তার ব্যতয় ঘটলে দায়ী প্রিজাইডিং কর্মকর্তাসহ সংশ্লিষ্টদের এ সবের দায় বহন করতে হবে।
বৃহস্পতিবার (১৬ মে) দুপুরে জেলার নাইক্ষংছড়ি হাজী এম এ কালাম সরকারি কলেজ অডিটোরিয়ামে ২১ মে আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনে দায়িত্বপালনকারী ২৮ প্রিজাইডিং অফিসার, ১৩৬ জন সহকারী প্রিজাইডিং অফিসার ও ২৭৩ জন পোলিং অফিসারদের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ সব কথা বলেন।
নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী অফিসার ও সহকারী রিটার্নিং অফিসার মোহাম্মদ জাকারিয়ার সঞ্চালনায় অনুষ্ঠিত এ সভায় অতিথি ও প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন, বান্দরবান অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচ রিটার্নিং অফিসার উম্মে কুলসুম, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসেন মো. রায়হান কাজেমী পিপিএম সেবা, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মান্নান, জেলা নির্বাচন অফিসার মো. শাহাদাত হোসেনসহ জেলা উপজেলার বিভিন্ন স্তরের কর্মকর্তা।
সভায় অতিরিক্ত পুলিশ সুপার কাজেমী বলেন, নির্বাচন প্রশ্নবিদ্ধ হতে দেয়া যাবে না। যে যার অবস্থান থেকে সুষ্ঠু-নিরপেক্ষ নির্বাচন করতে বাধ্য থাকবেন। আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী স্ট্যান্ডবাই থাকবে। কোন অনিয়ম প্রশ্রয় দেয়া হবে না।
জেলা নির্বাচন অফিসার মো. শাহাদাত হোসেন বলেন, বিগত দিনে কি হয়েছে তিনি বলতে পারবেন না। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচন হবে সম্পূর্ণ নিরপেক্ষ। নির্বাচন সুষ্ঠ করতে গিয়ে বাধা আসলে বা কোন অনিয়ম -অভিযোগ উঠলে সাথে সাথে সে কেন্দ্র বন্ধ করে দেয়া হবে। সংশ্লিষ্ট কর্মকর্তারা তীক্ষ্ণ দৃষ্টি রাখবেন।
জেলা রিটার্নিং অফিসার ও সহকারী রিটার্নিং অফিসের তথ্যমতে, আগামী ২১ মে বান্দরবানের নাইক্ষংছড়ি উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

















