parbattanews

নির্ভুল অডিট রিপোর্টের বিকল্প নেই : অর্থমন্ত্রী

বিগত বছরগুলোতে আর্থিক প্রতিষ্ঠানগুলো প্রায় অকার্যকর হয়ে পড়ায় ‘ফলস রিপ্রেজেন্টেশন’ বা মিথ্যা প্রতিবেদনের মাধ্যমে অনেক প্রতিষ্ঠান শেয়ারবাজারে তালিকাভুক্ত হয়েছে। একই কায়দায় ব্যাংকিং খাত থেকে বিপুল পরিমাণ অর্থ সরিয়ে নেওয়া হয়েছে। এমন গুরুতর বাস্তবতা তুলে ধরেছেন অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী। আজ বুধবার রাজধানীর প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ফিন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল (এফআরসি) আয়োজিত ‌‘ট্রাস্টওয়ার্দি ফিন্যান্সিয়াল রিপোর্টিং: হোয়াট রিয়েলি ম্যাটারস’ শীর্ষক এফএআর সামিটে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

অর্থমন্ত্রী বলেন, আর্থিক খাতে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করার মাধ্যমে বিনিয়োগকারীদের আস্থা ফিরিয়ে আনতে একযোগে কাজ করার অঙ্গীকার করেছেন সরকারের নীতিনির্ধারক ও পেশাজীবীরা। অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী তার বক্তব্যে আরও বলেন, বাংলাদেশের অর্থনীতি বিগত বছরগুলোতে এক কঠিন সময়ের মধ্য দিয়ে গেছে, যেখানে প্রায় প্রতিটি প্রতিষ্ঠানই অকার্যকর হয়ে পড়েছিল।

অর্থমন্ত্রী জোর দিয়ে বলেন, আমাদের এমন একটি ইকোসিস্টেম তৈরি করতে হবে যেখানে পূর্ণ স্বচ্ছতা থাকবে। আইসিএবি ও আইসিএমএবি-এর সদস্যদের তাদের নিজ নিজ অবস্থান থেকে স্বচ্ছ আর্থিক চিত্র উপস্থাপনে দায়িত্বশীল হতে হবে।

তিনি উল্লেখ করেন, জেপি মরগানসহ বিশ্বের বড় বড় ফান্ড ম্যানেজাররা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। তবে তাদের আস্থা অর্জনে সঠিক ও নির্ভরযোগ্য অডিট রিপোর্টের কোনো বিকল্প নেই।

Exit mobile version