পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে লিবিয়া রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ


পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন বাংলাদেশে নিযুক্ত লিবিয়ার রাষ্ট্রদূত আব্দুলমুতালিব এস. এম. সুলিমান।
সোমবার (৬ এপ্রিল) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। সাক্ষাতে দুই দেশের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্ক এবং ক্রমবর্ধমান দ্বিপাক্ষিক সহযোগিতা পুনর্ব্যক্ত করা হয়।
এই সময় পররাষ্ট্র প্রতিমন্ত্রী লিবিয়া সরকারকে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি কর্মী ও পেশাজীবীদের আশ্রয় দেওয়ার জন্য ধন্যবাদ জানান এবং সম্প্রতি বাংলাদেশ থেকে চিকিৎসা কর্মী নিয়োগের উদ্যোগকে স্বাগত জানান।
লিবিয়ায় অবস্থানরত প্রবাসী বাংলাদেশিদের নিরাপত্তা নিশ্চিত করা এবং আটকে পড়া নাগরিকদের প্রত্যাবাসনে সহায়তা করার জন্য লিবিয়া কর্তৃপক্ষের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন শামা ওবায়েদ।
বৈঠকে উভয় পক্ষ বাণিজ্য ও বিনিয়োগ সহযোগিতা বাড়ানোর বিভিন্ন উপায় নিয়ে আলোচনা করেন, বিশেষ করে জ্বালানি, অবকাঠামো, ওষুধশিল্প এবং জনশক্তি খাতে। দ্বিপাক্ষিক বাণিজ্য ও অর্থনৈতিক সম্পৃক্ততা জোরদার করতে বাংলাদেশ–লিবিয়া যৌথ ব্যবসায়িক ফোরাম গঠনের প্রস্তাব দেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী।

















