parbattanews

পানছড়িকে আবারো গর্বে ভাসালেন রোজী

RZ PIC copyশাহজাহান কবির সাজু, পানছড়ি:

খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলাকে আবারো গর্বে ভাসালো ইউপি সদস্যা প্রতিবন্ধী রোজী আক্তার। তার এ সফলতায় আবারো বিভিন্ন মিডিয়া ও টিভি পর্দায় পানছড়ির মত একটি অপরিচিত ও প্রত্যন্ত উপজেলাকে জানল এবং দেখল পুরো দেশবাসী। তাই গর্বে গর্বিত পানছড়িবাসী। গত ৮ মার্চ ঢাকায় নারীদের নেতৃত্ব ও ভূমিকা শীর্ষক এক সভা অনুষ্ঠিত হয়। এর আয়োজক ছিল “আরএফএল”। এতে নারী নেতৃত্বে বিশেষ অবদানের জন্য চট্টগ্রাম বিভাগ থেকে মনোনীত হয়েছেন খাগড়াছড়ি পার্বত্য জেলার পানছড়ি উপজেলার ৩নং পানছড়ি ইউপির দমদম গ্রামের মো: দুলাল মিয়ার সহধর্মিনী রোজী আক্তার। রোজী এর আগেও নারী জয়িতার খেতাব পেয়েছিল।

৮ মার্চ সন্ধ্যা ৭টায় ঢাকার রেডিশন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে নারী নেতৃত্ব ও ভূমিকা শীর্ষক অনুষ্ঠানে সাফল্য অর্জনকারী নারীদের পুরস্কৃত করা হয়। এ সময় বিভিন্ন দেশের দুতাবাসের কর্মকর্তা, সরকারী কর্মকর্তা, উন্নয়ন সংস্থা, স্থানীয় ও মাল্টিন্যাশনাল সেক্টরসহ প্রায় পাঁচশত অতিথি উপস্থিত ছিলেন।

নারী নেতৃত্ব প্রজেক্টের সভাপতি, বাংলাদেশ ব্রান্ড ফোরামের উপদেষ্টা ও সম্পাদক নাজিয়া এনডামিন প্রেমা’র স্বাগত বক্তব্যের মধ্য দিয়েই শুরু হয় অনুষ্ঠানের সূচনা পর্ব। “আরএফএল” (প্রাণ) গ্রুপের পরিচালক (অর্থ) উজমা চৌধুরী তার বক্তব্য বলেন, বিভিন্ন ক্ষেত্রে নারীদের অগ্রণী ভূমিকায় প্রাণ গ্রুপ গর্বিত। এ সময় আরো বক্তব্য রাখেন রাখেন বাংলাদেশ ব্রান্ড ফোরামের প্রতিষ্ঠাতা ও ব্যবস্থাপনা পরিচালক শরিফুল ইসলাম। তিনি বলেন, বাংলাদেশ ব্রান্ড ফোরাম সারা বছর নারীদের নেতৃত্ব বিকাশে আন্তরিকভাবে কাজ করবে।

বুধবার ক্রেস্ট নিয়ে পানছড়িতে ফিরে এসে রোজী তার প্রতিক্রিয়া ব্যক্ত করতে গিয়ে এ প্রতিবেদককে বলেন, পার্বত্যনিউজের মাধ্যমেই আমি আজ এত দূর যেতে পেরেছি। তিনি বলেন, আমার সেলাই প্রশিক্ষণ কেন্দ্র, বাল্য বিবাহ, বহু বিবাহ রোধ সহ বিভিন্ন কার্যাদি পার্বত্যনিউজে প্রকাশিত হয়েছে বলেই আমার আজ এতদূর আসা। তিনি পার্বত্যনিউজ পরিবারকে ধন্যবাদ জ্ঞাপন করেন।

বর্তমানে তিনি পানছড়ির ১৫১টি আনসার পরিবারের বদলি আতঙ্কের কাহিনী পার্বত্যনিউজে পড়ে সরেজমিনে সবকিছুর সত্যতা পেয়ে আনসার সদস্যদের পক্ষে একনিষ্ঠভাবে কাজ শুরু করেছেন বলেও জানান।

Exit mobile version