উপজেলা প্রতিনিধি, পানছড়ি :
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলায় পুরোদিন ব্যস্ত সময় কাটালেন ২৯৮ নং পার্বত্য খাগড়াছড়ি আসনে আওয়ামীলীগ টিকেট জয়ী কুজেন্দ্র লাল ত্রিপুরা। আসন্ন দশম জাতীয় সংসদ নির্বাচনে পানছড়ির সর্বস্তরের মানুষের সাথে মত বিনিময় ও প্রচারণার জন্যই তার এ সফর বলে পানছড়ি থানা আওয়ামী লীগ সূত্রে জানা যায়।
এ উপলক্ষে ২৮ ডিসেম্বর শনিবার সকাল থেকেই কুয়াশাছন্ন শীতল হাওয়া উপেক্ষা করেও নেতা-কর্মীরা অধীর আগ্রহ নিয়ে নির্বাচনী প্রচারণায় অংশ নেয়। সকাল ১১টা থেকে পানছড়ির বিভিন্ন ইউনিয়নের পাহাড়ী-বাঙ্গালী ও দলমত নির্বিশেষে সবার সাথে তিনি মত বিনিময় করেন। বিকাল সাড়ে ৩টায় পানছড়ি মুক্তিযোদ্ধা স্কোয়ারে আয়োজিত এক বিশাল সমাবেশে তিনি বক্তব্য প্রদান করেন।
তিনি বলেন, উত্তর, দক্ষিন, পূর্ব, পশ্চিম যে দিকেই তাকাই শুধু নৌকার জোয়ার। দেশের উন্নয়নের জন্য শেখ হাসিনা সরকারের কোন বিকল্প নেই। তাই দেশের ধারাবাহিক উন্নয়ন অব্যাহত রাখতে সকলকে নৌকা মার্কায় ভোট দেওয়ার আহবান জানান। বাংলাদেশ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠন কর্তৃক আয়োজিত এবং উপজেলা আওয়ামী লীগ সভাপতি মো: বাহার মিয়ার সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথির বক্তব রাখেন কুজেন্দ্র লাল ত্রিপুরা।
সমাবেশে আরো বক্তব্য রাখেন নির্বাচন পরিচালনা উপদেষ্টা কমিটির সদস্য সাবেক এম.পি মো: আলিম উল্লাহ, সদর উপজেলা চেয়ারম্যান শানে আলম, জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জাহেদুল আলম, জেলা মহিলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদিকা শাহেনা আক্তার, জেলা আওয়ামী লীগ নেতা অধ্যক্ষ সমীর দত্ত চাকমা প্রমুখ।
