পানছড়ি প্রতিনিধি:
খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলার প্রতিবন্ধী ও দু:স্থ মহিলাদের সেলাই প্রশিক্ষন কেন্দ্রের বার’তম ব্যাচের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়েছে। পানছড়ি উপজেলা প্রতিবন্ধী কল্যাণ সংঘের আয়োজনে ও সংঘের অস্থায়ী কার্যালয়ে এক বর্ণাঢ্য আয়োজনে প্রশিক্ষনার্থীদের মাঝে সনদ পত্র বিতরণ করা হয়।
জানা যায়, পানছড়িকে গর্বে ভাসানো নারী জয়িতা রোজী দীর্ঘ বছর যাবৎ প্রতিবন্ধী, অসহায় ও দু:স্থদের নিজ উদ্যেগে সেলাই প্রশিক্ষন দিয়ে বেকারত্ব দুরীকরণের পাশাপাশি স্বাবলম্বীও করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তারই ধারাবাহিকতায় বৃহষ্পতিবার সকাল দশটায় হাসানুজ্জামানের সঞ্চালনায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। প্রতিবন্ধী কল্যাণ সংঘের সভাপতি জয়নাল আবেদীন খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন খাগড়াছড়ি জেলা প্রশাসক পত্নী নিলুফা সুলতানা করিম।
এ সময় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন এডিসি জেনারেল পত্নী রিফাত আরা ইয়াছমিন ও পানছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মুর্শিদুল ইসলাম। সেলাই প্রশিক্ষন কেন্দ্রের প্রশিক্ষক রোজী আক্তার প্রতিবেদককে জানান, জেলা প্রশাসক ও জেলা প্রশাসক পত্নী এ প্রশিক্ষন কেন্দ্রে পনেরটি সেলাই মেশিন দিয়েছে। যার ফলে এক সাথে ত্রিশ জনকে প্রশিক্ষন দিতে খুবই সহজতর হয়েছে।
প্রশিক্ষন শেষে সনদ নিতে আসা সামিনা আক্তার, ইয়াছমিন আক্তার ও দীপা চাকমা জানান, খুবই সুন্দর পরিবেশে ও ভালোভাবে আমরা প্রশিক্ষন গ্রহন করেছি। আশা করি নিজেদের বেকারত্ব দুর করে সংসারের হাল নিজেরাই ধরতে পারব।
