পার্বত্য চট্টগ্রামকে জাতীয় সমস্যা মনে করে এগিয়ে যেতে হবে : ড. দেবপ্রিয় ভট্টাচার্য


পার্বত্য চট্টগ্রামকে আঞ্চলিক সমস্যা মনে না করে জাতীয় সমস্যা মনে করে এগিয়ে যেতে হবে বলে মন্তব্য করেছেন, নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি)এর ফেলো ড. দেবপ্রিয় ভট্টাচার্য।
বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে রাঙামাটি- কাপ্তাই সংযোগ সড়কের একটি রিসোর্টে নাগরিক প্ল্যাটফর্ম এর প্রাক- নির্বাচনী উদ্যোগে আঞ্চলিক পরামর্শ সভা বৈঠক শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন।
ড.দেবপ্রিয় ভট্টাচার্য আরও বলেন, রাজনৈতিক দলগুলোকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ে স্পষ্ট কথা বলতে হবে। পার্বত্য চট্টগ্রাম নিয়ে তাদের চিন্তাধারা সম্পর্কে জানাতে হবে। কারণ পার্বত্য চট্টগ্রামের সমস্য একটি ভূ-রাজনৈতিক সমস্যা সেটাকে সেই বিবেচনায় সমাধান করতে হবে। আগামীর সরকার যাতে এই সমস্যাকে তাদের নির্বাচনী ইশতিহারে থাকে তার জন্য কাজ করতে হবে। মোট কথা আগামীর বাংলাদেশে কোন নাগরিক পিছিয়ে থাকবেনা।
তিনি বলেন, রাঙামাটি দেশের একটি গুরুত্বপূর্ণ স্থান। এখানে অনেক সমস্যা রযেছে, যেগুলো সকলের সাথে আলোচনা করে কৃষ্টি কালচারের প্রতি সম্মান রেখে নীতি নির্ধারণ করতে হবে।
এদিকে উক্ত পরামর্শ সভায় পার্বত্য চুক্তি বাস্তবায়ন ও চুক্তির পুনঃমূল্যায়ন, এলাকায় শান্তি প্রতিষ্ঠা, ভূমি কমিশন কার্যকর, কাপ্তাই হ্রদ খনন, আগামী নির্বাচনে নির্বাচন কমিশন যাতে কঠোর হাতে আইন শৃঙ্খলা নিয়ন্ত্রন করা, নিরপেক্ষতা বজায় রাখা, প্রার্থীর ক্ষেত্রে না ভোট প্রদানের বিধান রাখা, দেশ বিরোধী দলকে নিষিদ্ধ করাসহ বিভিন্ন দাবি উত্থাপন করেন অংশগ্রহণকারীরা।
নাগরিক প্ল্যাটফর্মের আহবায়ক ও সেন্টার ফর পলিসি ডায়লগ (সিপিডি) এর ফেলো প্রফেসর মুস্তাফিজুর রহমান, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের জন্য প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন।

















