পার্বত্য চট্টগ্রাম নাগরিক পরিষদ (পিসিএনপি) সংগঠনের নতুন আংশিক কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে পিসিএনপির সাবেক কেন্দ্রীয় সহ-সভাপতি আব্দুল হামিদ রানাকে কেন্দ্রীয় চেয়ারম্যান ও রাঙামাটি জেলা সভাপতি মোহাম্মদ সোলায়মানকে মহাসচিব নির্বাচিত করা হয়।
শনিবার (১৮ জুলাই) ঢাকা শিশু কল্যাণ পরিষদের সম্মেলন কক্ষে স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুইয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় এই কমিটি ঘোষণা করা হয়।
এ সময় বক্তব্য রাখেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক কেন্দ্রীয় ভারপ্রাপ্ত চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মনিরুজ্জামান, সাবেক কেন্দ্রীয় সহ সভাপতি অধ্যক্ষ আবু তাহের, সাবেক কেন্দ্রীয় মহাসচিব আলমগীর কবির সহ স্থায়ী কমিটির অন্যান্য নেতৃবৃন্দ।
সভায় স্থায়ী কমিটির সদস্যদের মতামতের ভিত্তিতে বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ও মহাসচিব নির্বাচিত করা হয়। আগামী এক মাসের মধ্যে পূর্ণাঙ্গ কেন্দ্রীয় কমিটি গঠনের নির্দেশনা দেয়া হয়।
নির্বাচন পরিচালনা করেন স্থায়ী কমিটির সভাপতি ইঞ্জিনিয়ার আলকাছ আল মামুন ভুঁইয়া।
সভায় বক্তারা বলেন পার্বত্য চট্টগ্রাম নিয়ে গভীর ষড়যন্ত্র চলছে। দেশি বিদশি এজেন্টরা পার্বত্য চট্টগ্রামকে অস্থিরতা তৈরি করে ঘোলা পানিতে মাছ শিকার করার চেষ্টা করছে। পাহাড়ে বসবাসরত বাঙালি জনগোষ্ঠীকে অধিকার বঞ্চিত করে তিলে তিলে অস্থিত্ব ধ্বংস করা হচ্ছে। এ সকল ষড়যন্ত্র ও বৈষম্য রুখে দিতে বৃহত্তর আন্দোলন গড়ে তোলার ঘোষণা দেন নেতৃবৃন্দ।
