পাহাড়ে উন্নয়ন–নিরাপত্তায় রাজনগর বিজিবি জোনের বহুমুখী ভূমিকা

রাঙামাটি বিজিবি সেক্টর কমান্ডার কর্নেল আহসান হাবিব পিএসসি বলেন, পার্বত্যাঞ্চলে শুধু সীমান্ত পাহারাই নয়, মানুষের জীবনে ইতিবাচক পরিবর্তন আনার কাজেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে রাজনগর বিজিবি জোন (৩৭ বিজিবি)। নিরাপত্তার পাশাপাশি শিক্ষা, ক্রীড়া ও স্বাস্থ্যসেবায় একের পর এক জনগণের কল্যাণে উদ্যোগে এগিয়ে আসছে জোনটি।
সোমবার (১৬ নভেম্বর) রাজনগর বিজিবি জোনের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সাম্প্রতিক উদ্যোগের অংশ হিসেবে জোন কর্তৃপক্ষ ৪ সপ্তাহ মেয়াদি কারিগরি প্রশিক্ষণ আয়োজন করে। এতে ৭৯ জন বেকার যুবক-যুবতী অংশ নেন। প্রশিক্ষণ শেষে রাঙ্গামাটি সেক্টর কমান্ডার আনুষ্ঠানিকভাবে অংশগ্রহণকারীদের হাতে সনদপত্র তুলে দেন। পাশাপাশি সেরা তিন শিক্ষার্থীকে অতিরিক্ত সহায়ক সামগ্রী প্রদান করা হয়।
এদিকে স্থানীয় তরুণদের সম্প্রীতি ও সৌহার্দ্য বাড়াতে রাজনগর জোন সদরে অনুষ্ঠিত হয় “জোন কাপ ভলিবল টুর্নামেন্ট–২০২৫”। ছয় দলের প্রতিযোগিতায় ফাইনালে জায়গা করে নেয় রাঙামাটি বয়েজ ক্লাব ও পূর্ব রাঙ্গীপাড়া একাদশ। রোববার (১৬ নভেম্বর) অনুষ্ঠিত ফাইনাল ম্যাচে পূর্ব রাঙ্গীপাড়াকে হারিয়ে শিরোপা তুলে নেয় সর্বাতলী বয়েজ ক্লাব। পরে প্রধান অতিথি বিজয়ী ও রানারআপ দলের হাতে ট্রফি, ক্রেস্ট ও মেডেলসহ বিভিন্ন পুরস্কার তুলে দেন।
একই দিনে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত জোন চত্বরে বিনামূল্যের মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়। ক্যাম্প পরিচালনা করেন জোনের মেডিকেল অফিসার, বেসামরিক মেডিসিন বিশেষজ্ঞ ডা. আব্দুল্লাহ আল মামুন এবং গাইনি বিশেষজ্ঞ ডা. ইরিন নাহার। ক্যাম্পে ২৩৪ জন স্থানীয় পাহাড়ি ও বাঙালি বাসিন্দা চিকিৎসা ও প্রয়োজনীয় ওষুধ পান। চলতি বছর জুড়ে এই উদ্যোগের মাধ্যমে মোট ৭৫৬ জন মানুষ স্বাস্থ্যসেবা পেয়েছেন।
রাজনগর বিজিবি জোন কমান্ডার বলেন, “রাজনগর জোন শুধু সীমান্ত রক্ষা নয়, শান্তি, সম্প্রীতি ও মানুষের উন্নয়নকে সামনে রেখে কাজ করছে। জনগণের পাশে থাকার এই উদ্যোগ আগামী দিনগুলোতেও চলবে।”

















