পেকুয়া সংবাদদাতা :
পেকুয়ার রাজাখালীতে গভীর রাতে বসতঘর ভম্মীভূত হয়েছে। এতে চার লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে পারিবারিক সুত্র জানায়।
সোমবার রাত তিনটার দিকে রাজাখালী ইউনিয়নের সুন্দরীপাড়া এলাকার মৃত নুরুল হুদার পুত্র মোহাম্মদ আমান উল্লাহ এর বাড়িতে মশার কয়েলের আগুন থেকে অগ্নিকান্ডের সুত্রপাত হলে মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারদিকে ছড়িয়ে পড়ে।
এ সময় বসতঘরের বেড়াসহ ঘরের ছাউনিতে আগুন লেগে দাউ দাউ করে জ্বলতে থাকে। বসতঘরে থাকা ঘুমন্ত অবস্থায় মহিলারা কোন রকম আগুন থেকে প্রাণে রক্ষা পেলেও ঘরে থাকা নগদ এক লক্ষ টাকা, এক ভরি স্বর্ণ, হাসমুরগী, ১০ টি নারিকেল গাছ, আসবাবপত্র, কাপড় চোপড় সহ পুড়ে ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত মহিলা আয়েশা খাতুন এ প্রতিনিধিকে জানান, বাড়ির আলমিরায় থাকা নগদ টাকা, ফার্স্ট সিকিউরিটি ব্যাংকের চেক বই, জমি সংক্রান্ত মূল্যবান কাগজপত্র, ইন্সুরেন্সের যাবতীয় কাগজপত্র, সৌর বিদ্যুতের আয়না, ব্যাটারী পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ৪ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয়।
আজ ক্ষতিগ্রস্ত পরিবারের লোকজন খোলা আকাশের নীচে দিনযাপন করছে। এ ব্যাপারে বাড়ির মালিকগন সরকারী/বেসরকারী সাহায্যের দাবী জানান।