parbattanews

পেকুয়ায় কোন ধরণের সংঘাত ছাড়াই অবরোধ পালিত হচ্ছে

10893835_806151422788710_1922887468_n

পেকুয়া প্রতিনিধি :

কক্সবাজারের পেকুয়ায় কোন ধরণের সংঘাত ছাড়াই অবরোধ পালিত হচ্ছে। গত ৫ জানুয়ারি বিএনপি চেয়ারপার্সন ও ২০দলীয় নেত্রী বেগম খালেদা জিয়া কে অবরুদ্ধ করার প্রতিবাদে খালেদা জিয়ার ঘোষিত অনির্দিষ্টকালের অবরোধ কর্মসূচি অনুযায়ী মঙ্গলবার (৬ জানুয়ারি) অবরোধ কর্মসূচি পালন করে পেকুয়া উপজেলা বিএনপি।

সকাল থেকে বিভিন্ন এলাকায় ঘুরে দেখা যায়, পেকুয়ার প্রধান সড়ক থেকে শুরু করে উপসড়ক গুলোতে যানচলাচল শূন্য ছিল। এমনকি কয়েকটি সড়কে রিক্সা চলাচল করলেও প্রধান সড়কগুলো ছিল ফাঁকা। যাত্রীদের চরম দুভোর্গ পোহাতে হয়েছে। রাস্তায় যানবাহন ও লোকজন না থাকায় ছাগল, ভেড়া ঘুরে বেড়াচ্ছে। ব্যাংক বীমা ও সরকারি বেসরকারি অফিস আদালত খোলা থাকলেও সেবা প্রাপ্তির সংখ্যা ছিল শূন্য। বেশ কয়েকটি অফিসে দেখা যায় লোকজন না থাকায় কর্মকর্তারা বসে বসে ঘুমাচ্ছে।

অবরোধ কর্মসূচির নামে বিএনপি-জামায়াতের নেতাকর্মীদের নাশকতা ঠেকাতে পুলিশ বিভিন্ন স্থানে অবস্থান করছে। পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আবদুর রকিবের নেতৃত্বে একটি পুলিশ টিম বিভিন্ন স্থান টহল দিচ্ছে। সকাল থেকে বিএনপি ও জামাযাতের নেতাকর্মীরা বিভিন্ন স্থানে অবস্থান করে। তবে আইনশৃংঙ্খলা নিয়ন্ত্রণে রাখতে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে।

এদিকে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ইকবাল হোছাইন কিছু নেতাকর্মী নিয়ে চৌমুহুনীতে অবস্থান নেয়। অন্যদিকে ব্র্যাক অফিসের সামনে উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ রুবেল অবস্থান নেয়। আবার বাজারে উপজেলা ছাত্রদলের আহবায়ক কামরান জাদিদ মুকুট নেতাকর্মীদের নিয়ে দলীয় কার্যালয়ের সামনে অবস্থান করতে দেখা গেছে।

বেশ কয়েকটি সড়কের মাঝখানে কেটে যান চলাচলের অনুপযোগী করা হয়েছে। মগনামা লঞ্চঘাট থেকে কোন লঞ্চ ছেড়ে যায়নি। এমনকি পেকুয়া থেকে কোন দূরপাল্লার যানবাহন স্টেশন ছেড়ে যেতে দেখা যায়নি।

অপর দিকে আ.লীগের নেতাকর্মীদের বিভিন্ন স্থানে অবস্থান করতে দেখা যায়। আ.লীগের দলীয় কার্যালয়ের সামনে উপজেলা যুবলীগ নেতা বারেক ও ছাত্রলীগ আহবায়ক কফিল উদ্দিন বেশকয়েকজন নেতাকর্মী নিয়ে অবস্থান করে।

এ ব্যাপারে পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রকিব জানান, এ পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনা ঘটেনি। তবে পুলিশ সর্তক অবস্থানে রয়েছে। নাশকতা করলে কারো ছাড় দেওয়া হবে না।

Exit mobile version