পেকুয়া প্রতিনিধি:
পেকুয়ায় স্থাপন করা হচ্ছে গ্যাস সঞ্চালন লাইন। জাতীয় গ্রীডে আমদানিকৃত গ্যাস সঞ্চলনের জন্য পেকুয়া উপজেলার উপকুলবর্তী উজানটিয়া ইউনিয়নে গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের কাজ আরম্ভ করা হয়েছে। তবে অধিগ্রহণকৃত ভূমির মূল্য এখনো পাননি মালিকরা।
স্থানীয় সূত্রে জানা গেছে, সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোন ধরনের প্রজ্ঞাপন ও অধিগ্রহণের নোটিশ বা নির্দেশনা না দিয়ে গ্যাস লাইন সঞ্চালনের কাজ শুরু করে। ফলে চলমান কাজ নিয়ে বিরোধীতার সম্মুখীন হচ্ছেন কাজ বাস্তবায়ন কর্তৃপক্ষ।
অপরদিকে গ্যাস সঞ্চালন লাইন উপজেলার উজানটিয়া ইউনিয়নের বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়ার উপর দিয়ে চলে যাচ্ছে। এতে করে ওই দ্বীপের হাজার হাজার একর জমিতে লবণ উৎপাদন ব্যহত হওয়ার উপক্রম হয়েছে। গ্যাস সঞ্চালন লাইন স্থাপনের জন্য জমি গর্ত করে কূপ খনন করা হচ্ছে। খননকৃত ওই কূপে বসানো হবে সুপ্রশস্থ পাইপ।
মহেশখালী থেকে চট্টগ্রামের আনোয়ারা পর্যন্ত প্রায় ৯২কি.মিটার গ্যাস সঞ্চালন লাইন স্থাপন করা হবে। আগামি দু’মাসের মধ্যে বাস্তবায়ন কাজ সম্পন্ন করার কথা রয়েছে। কাজ বাস্তবায়নের জন্য সরকারের পক্ষ থেকে জমি অধিগ্রহণের জন্য নীতিগত সিদ্ধান্ত নেয়া হয়েছে। করিয়ারদিয়ায় গ্যাস লাইন স্থাপন কাজ শুরু হয়েছে গত ১২জানুয়ারী থেকে।
অপরদিকে কাজের জন্য বিভিন্ন পয়েন্টে বাঁধ তৈরি করতে হবে। ফলে খাল ও পানি চলাচলের মুখ বন্ধ হয়ে যাবে। এতে করিয়ারদিয়ার প্রায় ১২শ কানি মাঠে লবণ উৎপাদন একেবারে ব্যহত হবে। চাষিরা দাবি করেছেন লবণ উৎপাদন মৌসুম বন্ধ হওয়া ছাড়া ওই কাজ বাস্তবায়ন করা কখনো সম্ভব হবেনা। করিয়ারদিয়ার লোকজন জানিয়েছেন, ঠিকাদার প্রতিষ্ঠান কোন ধরনের নিয়মনীতি না মেনে ওই কাজ গায়ের জোরে বাস্তবায়ন করছে। আমরা লবণ চাষের পাশাপাশি বিপুল এলাকায় মৎস্য চাষের জন্য চিংড়ির আবাদ করছি এখানে। এসব না মানা হলে এগুলো বিনষ্ট হবে। কোটি টাকার লবণ ও মৎস্য ক্ষতিগ্রস্ত হবে। বেকার হবে অসংখ্য দরিদ্র লবণ চাষি।
এদিকে গ্যাস সঞ্চালন লাইন স্থাপন নিয়ে বিচ্ছিন্ন দ্বীপ করিয়ারদিয়ার জনগন ফুঁসে উঠছে। ক্ষতিপূরণ না পাওয়ায় তারা চরম ক্ষুব্ধ ও উত্তেজিত হয়েছেন। এনিয়ে কর্তৃপক্ষ ও স্থানীয়দের মধ্যে সংঘাত আশংকা করছেন সচেতন মহল।
উজানটিয়া ইউপির চেয়ারম্যান এম.শহিদুল ইসলাম চৌধুরী জানিয়েছেন এত বড় একটি প্রকল্প হচ্ছে ভূমি অধিগ্রহণ ও ক্ষতিপূরণের বিষয়টি আমিও ওয়াকিবহাল নই। আমার পরিষদে এ সংক্রান্ত কোন ধরনের চিঠি কিংবা নোটিশ আসেনি। বৃহৎ জনগোষ্ঠীর উপর যেসব কাজ বাস্তবায়ন হয় সে সব লোকজনকে জানানোর জন্য পূর্ব থেকে সংকেত দেয়া হয়। কিন্তু এগুলো এখানে হয়নি।