পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী প্রথম ১৮০ দিনের লক্ষ্যমাত্রা বাস্তবায়নে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। ভবিষ্যৎ প্রজন্মের জন্য একটি সুন্দর ও টেকসই দেশ গড়ে তুলতে সকল শ্রেণি-পেশার মানুষকে একযোগে কাজ করতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় সরকারের জনস্বার্থমূলক এই বৃহৎ পরিকল্পনা সফল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
গতকাল শনিবার (২১ মার্চ) চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নিজ গ্রাম মীরের খীলের ঐতিহ্যবাহী মীর বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে পবিত্র ঈদুল ফিতরের নামাজ আদায় শেষে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন।
তিনি সবাইকে ঈদের শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিলেই গড়ে উঠবে সম্প্রীতি ও মানবিকতার সমাজ। রমজান মাসে ক্ষুধা-তৃষ্ণা নিয়ন্ত্রণের মাধ্যমে মানুষ যে আত্মসংযম ও ত্যাগের শিক্ষা পায়, ঈদুল ফিতর হলো তার পূর্ণতা। এটি নিজের ভেতরের অহংকার ও পাশবিক প্রবৃত্তি ত্যাগ করে আত্মশুদ্ধির দিন। এ দিনে ধনী-গরিবের ভেদাভেদ ভুলে সবাইকে একে অপরের পাশে দাঁড়াতে হবে।
