প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাৎ



প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে সপরিবারে সৌজন্য সাক্ষাৎ করেছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান।
বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমানকে নিয়ে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় প্রবেশ করেন তিনি। রাত ৯টা ১০ মিনিটে যমুনা থেকে বেরিয়ে যায় তারেক রহমানকে বহনকারী গাড়িটি।
প্রায় পৌনে দুই ঘণ্টা যমুনায় ছিলেন তিনি। এসময় তাদের মধ্যে আগামী নির্বাচনের প্রস্তুতিসহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে আলোচনা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টা বিএনপির প্রয়াত চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শোক ও সমবেদনা জানান।
এর আগে সন্ধ্যা ৬টা ৪২ মিনিটে গুলশানের চেয়ারপার্সন কার্যালয় থেকে বের হয়ে বাসভবনে যান তারেক রহমান। ৬টা ৫২ মিনিটে বাসভবন থেকে ‘সবার আগে বাংলাদেশ’ বাসে করে যমুনার উদ্দেশে রওনা হন তিনি।
এর আগে গত বছরের ১৩ জুন যুক্তরাজ্যের লন্ডন সফরকালে প্রধান উপদেষ্টা মুহাম্মদ ইউনূসের সঙ্গে তারেক রহমানের প্রথমবার একান্তে বৈঠক হয়।
২৫ ডিসেম্বর ২০২৫ সপরিবারে দেশে ফিরে তারেক রহমান বিমানবন্দরে নেমেই নিরাপত্তাসহ সার্বিক সহায়তার জন্য প্রধান উপদেষ্টাকে ফোনে ধন্যবাদ জানান।
















