প্রার্থী বা এজেন্টের কাছ থেকে অর্থ-খাবার নিতে পারবে না পুলিশ : স্বরাষ্ট্র উপদেষ্টা

fec-image

স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কোনো প্রার্থী বা এজেন্টের কাছে থেকে পুলিশ সদস্যরা কোনো ধরনের আর্থিক সুবিধা এবং দায়িত্ব পালনকালে কোনো প্রার্থীর প্রতিনিধির কাছ থেকে খাবারও নিতে পারবেন না । তিনি বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে দেড় লাখ পুলিশ সদস্য কাজ করবে। তারা পেশাদারিত্বের পরিচয় দিয়ে কাজ করলে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নিরপেক্ষ নির্বাচন হবে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন।

রবিবার (১৮ জানুয়ারি) সকালে রাজশাহীর সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমির প্যারেড গ্রাউন্ডে ৪১তম বিসিএস (পুলিশ) ব্যাচের শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপারদের (এএসপি) প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজে অভিবাদন গ্রহণ শেষে প্রধান অতিথির বক্তব্যে এসনব কথা বলেন তিনি।

স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশের মানুষ এমন একটি পুলিশ বাহিনী প্রত্যাশা করে, যারা ভয় সৃষ্টি করে না বরং সেবা দেয়, সম্মান এবং ভদ্রতার সঙ্গে আচরণ করে।

তিনি বলেন, দুর্নীতির রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। দুর্নীতি শুধু অর্থনীতিকে ক্ষতি করে না, এটি রাষ্ট্রের প্রতিষ্ঠানকেও ধ্বংস করে।  রাষ্ট্রের ভিত্তিকে দুর্বল করে।

পুলিশ সুপারদের উদ্দেশ্যে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বেআইনি আদেশ ও স্বার্থন্বেষী এজেন্ডার পক্ষে কাজ করবেন না। সততা নৈতিকতা ও বিবেক হবে আপনাদের সবচেয়ে বড় পরিচয়। সাহস মানে শুধু বিপদের মুখে দাঁড়ানো নয়,  সাহস মানে অন্যায়কে না বলা, জুলুমের বিরুদ্ধে অবস্থান নেয়া ও মজলুমের পক্ষে কাজ করা।

অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) বাহারুল আলম ও পুলিশ একাডেমির অধ্যক্ষ অতিরিক্ত আইজিপি তওফিক মাহবুব চৌধুরীসহ আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: নির্বাচন, পুলিশ, স্বরাষ্ট্র উপদেষ্টা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন