করোনাভাইরাস মহামারির মাঝে নারায়নগঞ্জ থেকে পানছড়িতে আসা যুবকসহ ৬ সদস্যর পরিবারকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।
শুক্রবার (১০ এপ্রিল) সে পানছড়ি এসে নিজ বাড়িতে অবস্থানের খবর গোপন রাখলেও অবশেষে পানছড়ি বাজার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছাত্রাবাসে গড়ে তোলা কোয়ারেন্টাইনে শনিবার (১১ এপ্রিল)বেলা একটার দিকে পাঠানো হয়।
পানছড়ি থানার ওসি মো: দুলাল হোসেন জানান, এলাকাবাসীর সচেতনতায় তাদের গোপন অবস্থানের খবর জানতে পেরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ তৌহিদুল ইসলামের সার্বিক সহযোগিতায় পানছড়ি থানার এসআই পার্থ রায় চৌধুরী, এসআই অনিক কুমার দে, ইউপি চেয়ারম্যান মো: নাজির হোসেন ও যুব রেড ক্রিসেন্টের যুব প্রধান রায়হান আহমেদের যৌথ প্রচেষ্টায় পুরো পরিবারকে কোয়ারেন্টাইনে নিয়ে আসা হয়েছে।
উপজেলা প্রশাসন তাদের খাবার-দাবারসহ সার্বিক সহযোগিতা দিবে। পানছড়ি উপজেলা স্বাস্থ্য ও প: প: কর্মকর্তা ডা: অনুতোষ চাকমা জানান, তাদের আপাতত স্বাস্থ্যগত কোন সমস্যা নেই। ১৪ দিন তারা কোয়ারেন্টাইনে থাকবে। এর মাঝে সর্দি, কাশি, জ্বার দেখা দিলে নমুনা সংগ্রহ করে পরীক্ষাগারে পাঠানো হবে। পানছড়ি থানা ওসি সত্যতা নিশ্চিত করেন।
