parbattanews

বঙ্গবন্ধুর কটুক্তিকারী মেয়রের দুই দিনের রিমান্ড

Bandarban pic-3.9

স্টাফ রিপোর্টার:
সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কটুক্তি করার অভিযোগে গ্রেফতারকৃত বান্দরবান আওয়ামী লীগ সমর্থিত সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট মিজানুর রহমান বিপ্লবকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।

গত মঙ্গলবার রাত দেড়টার দিকে বান্দরবান শহরের নিজ বাসা থেকে পুলিশ তাকে আটক করে।

আদালত সূত্রে জানাযায়, বৃহস্পতিবার দুপুরে বান্দরবানের অতিরিক্ত চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আবু হানিফের আদালতে হাজির করে পুলিশ তাকে সাত দিনের জন্য রিমান্ড আবেদন জানায়। বান্দরবান জেলা আইনজীবী সমিতির সদস্য মিজানুর রহমান বিপ্লবের পক্ষে বারের সিনিয়র আইনজীবীসহ সহকর্মীরা রিমান্ড বাতিল ও জামিন মঞ্জুরের স্বপক্ষে বিভিন্ন যুক্তি তুলে ধরেন।

প্রায় ঘণ্টাব্যাপী শুনানি শেষে বিজ্ঞ আদালত জামিন আবেদন নাকচ করে তাকে দু’দিনের রিমান্ড মঞ্জুর করেন।

আদালতে উপস্থিত অ্যাডভোকেট আবুল কালাম জানিয়েছেন, রিমান্ড আদেশে আদালত আসামীর স্বাস্থ্য পরীক্ষা সাপেক্ষে রিমান্ডে নেয়ার আদেশ দেন এবং রিমান্ড শেষে পুনরায় তার স্বাস্থ্য পরীক্ষা করার নির্দেশনা দেন। তাকে ২৪ ঘন্টারও বেশী সময় থানায় আটক রাখায় পুলিশকে আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়ার জন্য বলেন আদালত।

বান্দরবান থানার এস আই মাহবুবুর রহমান নিজে বাদী হয়ে দায়ের করা অভিযোগনামায় বলা হয়, বিপ্লব নিজ ফেসবুকে স্ট্যাটাস দেওয়া ছাড়াও ‘টুঙ্গি পাড়ার প্রতিধ্বনি’ নামক ফেসবুক একাউন্টে তার ফ্রেন্ডশিপ ও একই একাউন্টে আপলোড করা কমেন্টস পাওয়া যায়। তার বিরুদ্ধে ২০০৬ সালের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনের ৫৭ (২) ধারায় মামলায় দায়ের করা হয় বলে তিনি জানান।

উল্লেখ্য, এ ঘটনায় বান্দরবান পৌরসভার ৮নং ওয়ার্ড কমিশনার হাবিবুর রহমান খোকনকেও আটক করা হয়। তবে তাকে বুধবার রাত সাড়ে ৯টায় থানা থেকে ছেড়ে দেয়া হয়।

Exit mobile version