parbattanews

বন্যাদুর্গতদের পাশে আলীকদম সেনা জোন

টানা বর্ষণ ও পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়েছে বাংলাদেশ সেনাবাহিনীর আলীকদম সেনা জোন। শনিবার (১১ জুলাই) বিকালে উপজেলার দুর্গম কুরুকপাতা ইউনিয়নের মেরিংচর এলাকায় নৌকাযোগে পৌঁছে ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ত্রাণসামগ্রী বিতরণ করা হয়।

ত্রাণ বিতরণ কার্যক্রমে নেতৃত্ব দেন আলীকদম সেনা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল মো. আশিকুর রহমান আশিক, এসপিপি, পিএসসি। প্রতিকূল আবহাওয়া, টানা বৃষ্টিপাত ও জলাবদ্ধতাকে উপেক্ষা করে তিনি নৌকায় দুর্গম এলাকায় পৌঁছে বন্যাকবলিত মানুষের হাতে ত্রাণ তুলে দেন।

এ সময় জোন কমান্ডার তৈন খালসংলগ্ন প্লাবিত এলাকা পরিদর্শন করেন। স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাদের দুর্ভোগ, জরুরি প্রয়োজন ও সার্বিক পরিস্থিতির খোঁজখবর নেন। পাশাপাশি সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনা দিয়ে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থেকে মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখার নির্দেশ দেন।

জোন কমান্ডার বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো বাংলাদেশ সেনাবাহিনীর অন্যতম দায়িত্ব। দুর্গত মানুষের নিরাপত্তা নিশ্চিত করা এবং প্রয়োজনীয় সহায়তা পৌঁছে দিতে সেনাবাহিনী সব সময় প্রস্তুত। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে প্রয়োজন অনুযায়ী ত্রাণ বিতরণসহ অন্যান্য মানবিক কার্যক্রম চলমান থাকবে।

এদিকে, আলীকদমে বন্যা পরিস্থিতির ধীরে ধীরে উন্নতি হচ্ছে। বৃষ্টিপাত কমে আসায় বিভিন্ন এলাকায় পানি নামতে শুরু করেছে। সংশ্লিষ্টরা জানান, আবহাওয়া অনুকূলে থাকলে দ্রুত বন্যা পরিস্থিতির আরও উন্নতি হবে।

ত্রাণপ্রাপ্ত পরিবারগুলো সেনাবাহিনীর প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, দুর্যোগের এ সময়ে দ্রুত ত্রাণ ও মানবিক সহায়তা পেয়ে তারা অনেকটা স্বস্তি পেয়েছেন।

আলীকদম সেনা জোন জানিয়েছে, বন্যা পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে। উপজেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে ক্ষতিগ্রস্ত মানুষের মাঝে ত্রাণ ও অন্যান্য মানবিক সহায়তা কার্যক্রম অব্যাহত রাখা হবে, যাতে কোনো দুর্গত পরিবার প্রয়োজনীয় সহায়তা থেকে বঞ্চিত না হয়।

দেশের সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি দুর্যোগ মোকাবিলা, জননিরাপত্তা নিশ্চিতকরণ এবং আর্তমানবতার সেবায় বাংলাদেশ সেনাবাহিনী অতীতের ন্যায় ভবিষ্যতেও জনগণের পাশে দৃঢ়ভাবে অঙ্গীকারবদ্ধ থাকবে।

Exit mobile version