বন্য হাতির আক্রমণ হতে রক্ষা পেতে কাপ্তাই বন বিভাগের সতর্কতামূলক রোড মার্কিং


রাঙামাটিতে বন্য হাতির আক্রমণ হতে রক্ষা পেতে সতর্কতামূলক রোড মার্কিংসহ বিভিন্ন পদক্ষেপ নিয়েছে কাপ্তাই রেঞ্জ বন বিভাগ। পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশেই হাতি চলাচলের জায়গাগুলোতে সাইনবোর্ড স্থাপন ও সতর্কতামূলক রোড মার্কিং করা হয়।
সম্প্রতি গত মাসে রাঙামাটির কাপ্তাই–আসামবস্তী সড়কে বন্য হাতির আক্রমণে ঝর্ণা চাকমা এবং সবিতা চাকমা নামে দুইজন মহিলা নিহত হওয়ার ঘটনা ঘটেছে। ঐ সড়কে হাতির চলাচল বৃদ্ধি পাওয়ায় পার্বত্য চট্টগ্রাম দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তার নির্দেশনায় কাপ্তাই বন বিভাগের পক্ষ হতে সতর্কতামূলক কার্যক্রম গ্রহণ করা হয়েছে।
কাপ্তাই বন বিভাগের রেঞ্জ অফিসার ওমর ফারুক স্বাধীন বলেন, বন বিভাগের পক্ষ হতে কাপ্তাই জাতীয় উদ্যানের সোলার ফেন্সিং কার্যকর করা হয়েছে। এছাড়াও সোলার ফেন্সিং আওতার বাইরে কাপ্তাই–আসামবস্তী রোডে জনসাধারণের নিরাপত্তার লক্ষ্যে সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন ও রাস্তা লিখন করেছে বন বিভাগ।
পাশাপাশি কাপ্তাই রেঞ্জ কর্তৃক টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং জনসাধারণ ও পর্যটকদের সতর্ক করতে প্রচারণা চালাচ্ছেন রেঞ্জ কর্মকর্তা ও সকল কর্মকর্তা-কর্মচারীগণ।

















