নিজস্ব প্রতিনিধি, খাগড়াছড়ি :
প্রতি মাসে নিজেদের জন্য বরাদ্দকৃত নির্ধারিত রেশন না পেয়ে খাগড়াছড়ির মাটিরাঙা উপজেলার ২৪টি গুচ্ছগ্রামে বসবাসরত ৯ হাজার ২‘শ ৬২টি কার্ডধারী পরিবারের মাঝে চলছে হাহাকার। চারদিকে অভাব-অনটনের কারণে খেয়ে না খেয়ে মানবেতর জীবন-যাপন করছে গুচ্ছগ্রামবাসীরা। এসব যেন দেখার কেউ নেই!
তথ্যানুসন্ধানে জানা যায়, মাটিরাঙায় গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যান নিয়োগকে কেন্দ্র করে সৃষ্ট জটিলতার কারণে উপজেলার ২৪টি গুচ্ছগ্রামে খয়রাতি রেশন বন্ধ রয়েছে। কোরবানীর ঈদের আগে জুলাই-আগস্ট ও সেপ্টেম্বর মাসের রেশন প্রদান করার পর চার মাস অতিবাহিত হলেও অক্টোবর-নভেম্বর ও ডিসেম্বর মাসের রেশন প্রদান করা হচ্ছে না। আর এ রেশন কবে বা কখন বিতরণ করা হবে তা কেউই নিশ্চিত করে বলতে পারছেনা। ফলে গুচ্ছগ্রামের রেশন কার্ডধারী পরিবারগুলোতে অভাব-অনটন জেঁকে বসেছে।
সংশ্লিষ্ট সূত্রগুলোর সাথে কথা বলে জানা যায়, ইতিমধ্যে খাগড়াছড়ির অন্যান্য উপজেলায় অক্টোবর-নভেম্বর ও ডিসেম্বর মাসের রেশন বিতরণ করা হলেও মাটিরাঙায় গুচ্ছগ্রামের প্রকল্প চেয়ারম্যান নিয়োগ নিয়ে পক্ষে-বিপক্ষে মামলার কারণে রেশন বিতরণে স্থগিতাদেশ থাকায় মাটিরাঙা উপজেলার ২৪টি গ্রচ্ছগ্রামে রেশন বিতরণ স্থগিত রয়েছে।
মাটিরাঙার আলুটিলা গুচ্ছগ্রামের রেশন কার্ডধারী মো: আবদুল ওহাব বলেন, রেশন না পেয়ে আমরা স্ত্রী-পরিবার-পরিজন নিয়ে মানবতের জীবন-যাপন করছি। প্রতিদিন অভাবের সাথে লড়াই করে কোন রকমে বেঁচে থাকতে হচ্ছে। আমরা নিজেদের পাওনাটুকু পাচ্ছি না। এভাবে কোন মানুষের জীবন চলতে পারে না।
একই কথা বলেছেন, বেলছড়ি গুচ্ছগ্রামের মো: মতিন মিয়া, খেদাছড়া গুচ্ছগ্রামের আবদুর রশিদ মিয়া ও পূর্ব খেদাছড়ার হাফেজ মিয়াসহ অনেকেই। তারা অভিলম্বে রেশন বিতরনের দাবি জানিয়ে বলেন, প্রয়োজনে প্রশাসনের তত্বাবধানে রেশন বিতরণ করা হোক। আমরা আমাদের রেশন চাই। আমরা আর কোন ধরনের ভোগান্তি চাই না।
এদিকে এ বিষয়ে একাধিকবার কথা বলার চেষ্টা করা হলেও গুচ্ছগ্রামের সাবেক ও বর্তমান কোন প্রকল্প চেয়ারম্যানদের কেউই মুখ খুলতে রাজি হন নি।