বাংলাদেশি নাগরিক ভেবে ভারতে শ্রমিককে পিটিয়ে হত্যা


ভারতের কেরালা রাজ্যের পালাক্কাড জেলায় ‘বাংলাদেশি নাগরিক’ ভেবে ছত্তিশগড় থেকে আসা দলিত শ্রেণির এক শ্রমিককে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে। নিহতের নাম রামনারায়ণ বাঘেল (৩১)। তিনি ছত্তিশগড়ের শক্তি জেলার কারহি গ্রামের বাসিন্দা। কাজের সন্ধানে তিনি ১৩ ডিসেম্বর পালাক্কাড়ে এসে নির্মাণ শ্রমিক হিসেবে কাজ করছিলেন।
এই ঘটনায় ওই এলাকায় বসবাসকারী দলিত শ্রেণির শ্রমিকদের মধ্যে তীব্র আতঙ্ক ও ক্ষোভ ছড়িয়েছে।
গত বুধবার (১৭ ডিসেম্বর) কেরালার পালাক্কাড় জেলায় এ ভয়াবহ গণপিটুনির ঘটনা ঘটে। খবর টাইমস অব ইন্ডিয়া
নিহতের আত্মীয় কিশান বাঘেল জানান, নিহত রামনারায়ণ একই গ্রামের দূরসম্পর্কের আত্মীয় শশীকান্ত বাঘেলের অনুরোধে কেরালায় গিয়েছিলেন। কিশান টাইমস অব ইন্ডিয়াকে বলেন, ‘রামনারায়ণ খুবই দরিদ্র ছিল। তার স্ত্রী ললিতা এবং প্রায় আট ও নয় বছর বয়সী দুই ছেলে রয়েছে।’
অন্য সূত্রের বরাতে টাইমস অব ইন্ডিয়া জানায়, এলাকায় একটি চুরির ঘটনার পর রামনারায়ণকে চোর সন্দেহ করা হয়। একপর্যায়ে একদল লোক তাকে লাঠিসোঁটা দিয়ে নির্মমভাবে মারধর করে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তবে পুলিশি তদন্তে উঠে এসেছে, তাকে ‘বাংলাদেশি নাগরিক’ ভেবে লক্ষ্যবস্তু করা হয়েছিল।
ঘটনার পর পরিস্থিতি নিয়ন্ত্রণে ওই এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। কেরালা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। হামলার প্রকৃত কারণ ও পেছনের উদ্দেশ্য জানতে বিস্তারিত তদন্ত চলছে।
কেরালা পুলিশ এই গণপিটুনির ঘটনায় পাঁচজনকে গ্রেপ্তার এবং তদন্ত শুরু হয়েছে। পুলিশ জানিয়েছে, ময়নাতদন্তসহ সমস্ত আইনি প্রক্রিয়া শেষ হওয়ার পর মৃতদেহ তার নিজ গ্রামে পাঠানো হবে।
সূত্র : টাইমস অফ ইন্ডিয়া

















