parbattanews

বাংলাদেশের অভ্যন্তরে আরাকান আর্মির গুলিতে শিশু আহত

কক্সবাজারের টেকনাফের হোয়াইক্যং সীমান্তে মায়ানমার থেকে ছুটে আসা গুলিতে আফনান (১০) নামে এক স্কুলছাত্রী গুলিবিদ্ধ হয়েছে। সে হোয়াইক্যং তেচ্ছিব্রিজ এলাকার জসিম উদ্দীনের মেয়ে এবং লম্বাবিল হাজি মোহাম্মদ হোসেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির ছাত্রী।

রবিবার (১১ জানুয়ারি) সকাল ১০টার দিকে ঘটনাটি ঘটেছে। এদিন সকালে ৬৪-বিজিবির অধিনায়ক লে. কর্নেল মোহাম্মদ জহিরুল ইসলাম গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, গত তিন দিন ধরে হোয়াইক্যং সীমান্তের মিয়ানমারের অভ্যন্তরে তোতারদ্বীপ এলাকায় ব্যাপক গোলাগুলি চলছিল। এরই মধ্যে গত বৃহস্পতিবার এক বাংলাদেশি জেলে গুলিবিদ্ধ হন। রোববার সকালে গুলি করতে করতে আরাকান আর্মির সদস্যরা সীমান্ত অতিক্রম করে বাংলাদেশের ভেতরে ঢুকে পড়ে। এ সময় গুলিবিদ্ধ হয় শিশুটি ।

ঘটনার পরপরই ক্ষুব্ধ ও আতঙ্কিত স্থানীয়রা সড়কে নেমে বিক্ষোভ শুরু করেন। তারা সীমান্তে নিরাপত্তা জোরদারসহ বিজিবির কাছে কার্যকর ব্যবস্থা গ্রহণের দাবি জানান।

টেকনাফ থানার ওসি ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়েছি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, বিস্তারিত পরে জানানো হবে।

Exit mobile version