জাতীয় নারী ফুটবল দলে রাঙামাটির মামনি চাকমা


এশিয়ান কাপের মূল পর্বের আগে বাংলাদেশের মেয়েদের প্রস্তুতির কথা ভেবে ত্রিদেশীয় সিরিজ আয়োজনের ঘোষণা দেয় বাফুফে। চলতি মাসে শুরুতে হতে যাওয়া সেই সিরিজের জন্য ২৫ সদস্যের জাতীয় নারী দলের স্কোয়াড ঘোষণা করে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। বাফুফের ঘোষিত স্কোয়াডে ডাক পেয়েছেন মামনি চাকমা।
বাংলাদেশ সিনিয়র জাতীয় দলের ঋতুপর্ণা চাকমার মতোই তার বাড়ি রাঙ্গামাটি। কাউখালী উপজেলা থেকে ফুটবলে উঠে এসেছেন মামনি।
এর আগে বাংলাদেশ অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল দলে সবশেষ সাফে ভুটানের বিপক্ষে খেলেন তিনি। ভুটানের বিপক্ষে তার অসাধারণ নৈপুণ্য দেখেই ফুটবলবোদ্ধারা বলেছিলেন বাংলাদেশ পেতে যাচ্ছে আরেকজন ঋতুপর্ণা। ঋতুপর্ণার মতো তিনিও বাম পায়ের শট নিতে বেশ পটু। প্রচণ্ড জোরে শট নিতে পারেন। কর্নার নেয়ার ক্ষেত্রেও ঋতুর মতোই তার মুনশিয়ানা।
শুধু দারুণ দারুণ ক্রস বা তীব্র শট নেয়ার জন্যই পরিচিত নন এই মামনি চাকমা। দারুণ স্কিলও তার। বিপক্ষ ডিফেন্স লাইন ভেঙে কয়েকজনকে কাটিয়ে বক্সে ঢুকতেও কুশলী তিনি। তার ফুটবলের তীক্ষ্ণ মেধা তাকে নিয়ে এসছে জাতীয় দলে।
দশম শ্রেণীতে পড়েন মামনি চাকমা। বাবা জুম চাষি। দুই বোন আর এক ভাইয়ের মধ্যে মামনি ছোট। বাফুফের কোচরা তারুণ্যের উৎসব অনূর্ধ্ব-১৭ নারী ফুটবল আসর থেকে বাছাই করেন তাকে। এরপর অনূর্ধ্ব-১৭ দলের ক্যাম্পে ভালো করেন নিয়মিত হয়ে যান একাদশে। সেখান থেকে এখন জাতীয় দলে মামনী চাকমা।
উল্লেখ্য ঢাকায় জাতীয় স্টেডিয়ামে ২৬ নভেম্বর মালয়েশিয়া এবং ২ ডিসেম্বর আজারবাইজানের বিপক্ষে খেলবে বাংলাদেশের মেয়েরা। জাতীয় দলের অংশ হয়ে মালেশিয়া ও আজারবাইজানের বিপক্ষে তার পায়ের নৈ্পুণ্য দেখার অপেক্ষায় ফুটবল সমর্থকরা।
















