parbattanews

বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধ থাকলে বিশ্বে যেকোনো লক্ষ্য অর্জন সম্ভব : দিনেশ ত্রিবেদী

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী। ছবি সংগৃহীত।

বাংলাদেশে নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দিনেশ ত্রিবেদী বলেছেন, বাংলাদেশ ও ভারত যদি ঐক্যবদ্ধ থাকে, তবে তারা বিশ্বে যেকোনো লক্ষ্য অর্জন করতে সক্ষম। তিনি বলেন, দুই দেশ একত্রে কাজ করলে অন্যতম শক্তিশালী গণতন্ত্র এবং বৈশ্বিক শক্তি হিসেবে নিজেদের অবস্থান দৃঢ় করতে পারবে।

ত্রিবেদী বৃহস্পতিবার ( ১১ জুন ) কলকাতার নেতাজি ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপে জানান, তিনি বাংলাদেশের উদ্দেশে রওনা হচ্ছেন “বিশাল উদ্যম এবং ভারত ও বাংলাদেশের প্রায় ১৬০ কোটি মানুষের শুভকামনা নিয়ে।” এছাড়া, তিনি এই গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়ার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

দিনেশ ত্রিবেদী বাংলাদেশের বর্তমান ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন। ভার্মাকে এখন বেলজিয়াম ও ইউরোপীয় ইউনিয়নে ভারতের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

দিবেশ ত্রিবেদী ভারতের ইতিহাসে খুব কম রাজনীতিকদের মধ্যে একজন, যিনি সরাসরি হাইকমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন। ইউপিএ সরকারের সময়ে তিনি রেলমন্ত্রী ও স্বাস্থ্য ও পরিবারকল্যাণ প্রতিমন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। ২০২১ সালে তিনি তৃণমূল কংগ্রেস থেকে পদত্যাগ করে ভারতীয় জনতা পার্টিতে (বিজেপি) যোগ দেন।

ত্রিবেদী এমন সময়ে বাংলাদেশে দায়িত্ব নিচ্ছেন, যখন দুই দেশের সম্পর্ক কিছু ইস্যুতে জটিল অবস্থায় রয়েছে। বিশেষত সীমান্তবর্তী নাগরিক বিতর্ক, বাণিজ্য সীমাবদ্ধতা, ভিসা কার্যক্রমে জটিলতা এবং গঙ্গা ও তিস্তা নদীর পানি বণ্টন চুক্তির নবায়ন এখনো চূড়ান্ত হয়নি।

বিশ্লেষকরা মনে করেন, ত্রিবেদীর বড় সুবিধা হলো তিনি পশ্চিমবঙ্গের সন্তান, সাবলীলভাবে বাংলা বলতে পারেন এবং উভয় দেশের রাজনীতি সম্পর্কে তার গভীর ধারণা রয়েছে। এটি দুই দেশের সম্পর্ক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখতে পারে।

Exit mobile version