বাইশারীতে বিশেষ অভিযানে অস্ত্র ও গুলি উদ্ধার


বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারীতে পুলিশের বিশেষ অভিযানে পরিত্যক্ত অবস্থায় দেশীয় তৈরি দুটি একনলা বন্দুক ও একটি গুলি উদ্ধার করা হয়েছে।
বুধবার (৩১ ডিসেম্বর) রাত আনুমানিক সাড়ে ১১টার দিকে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম-এর নেতৃত্বে সঙ্গীয় অফিসার ও ফোর্সের সহায়তায় বাইশারী বাজার থেকে দক্ষিণে এবং আশপাশের এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করা হয়।
অভিযান চলাকালীন, গোপন সংবাদের ভিত্তিতে বাইশারী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডস্থ মধ্যম বাইশারী এলাকায় মোঃ হোছন (২৯)-এর বসতবাড়ির সামনের ঝোপঝাড় থেকে স্থানীয় লোকজনের উপস্থিতিতে ২টি দেশীয় তৈরি একনলা বন্দুক এবং ১টি ৭.৬২ এমএম রাইফেলের গুলি পরিত্যক্ত অবস্থায় উদ্ধার করা হয়। তবে অভিযানের খবর টের পেয়ে পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
এ বিষয়ে বাইশারী পুলিশ তদন্ত কেন্দ্রের ওসি পরিদর্শক মো. আনোয়ারুল ইসলাম বলেন, “এলাকায় অপরাধ দমনে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে পরিত্যক্ত অবস্থায় অবৈধ অস্ত্র ও গুলি উদ্ধার করা হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।”
তিনি আরও জানান, উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদ নিয়ে সংশ্লিষ্ট আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং অপরাধীদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্থানীয়রা জানান, মধ্যম বাইশারী এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী ও ডাকাত চক্রের সদস্যদের তৎপরতা রয়েছে। পুলিশের এমন অভিযানে এলাকায় স্বস্তি ফিরে আসবে বলে তারা আশা প্রকাশ করেন।

















