বাইসাইকেল গোল করা হামজার প্রশংসায় ফিফা


নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে জোড়া গোল করেও বাংলাদেশকে জেতাতে পারেননি হামজা চৌধুরী। ২-২ গোলের ড্র নিয়েই মাঠ ছাড়তে হয় দুই দলকে। তবে ফল না পেলেও প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এই ডিফেন্সিভ মিডফিল্ডার। কারণ শুধু জোড়া গোল নয়, বেশি আলো কেড়েছে হামজার অসাধারণ সেই বাইসাইকেল কিকের গোল’টি।
গতকাল জাতীয় স্টেডিয়ামে ম্যাচের ৪৬তম মিনিটে জামাল ভূঁইয়ার বাড়ানো ভলিতে দারুণ এক বাইসাইকেল কিকে কোনাকুনি শটে জাল খুঁজে পান হামজা। গোলটি হওয়া মাত্রই সামাজিক যোগাযোগমাধ্যমে শুরু হয় তার বন্দনা। ভক্ত-মিডিয়া সবাই মুগ্ধ সেই দর্শনীয় গোল দেখে। প্রশংসার দৌড়ে পিছিয়ে নেই ফিফা, ওয়ার্ল্ড কাপ পেজে হামজার সেই গোলের দুটি ছবি পোস্ট করে তারা ক্যাপশন দেয়, ‘উড়ন্ত হামজা।’
নিজেদের তারকার অভিনন্দনে পিছিয়ে নেই লেস্টার সিটিও। ম্যাচের তিনটি ছবি পোস্ট করে ইংলিশ ক্লাবটি লিখেছে, ‘বাংলাদেশের হয়ে হামজা দুটি গোল করেছেন। ম্যাচে তার বাইসাইকেল কিক থেকে করা গোলটি বিশেষভাবে উল্লেখযোগ্য।’
এর আগে ২৯তম মিনিটে রোহিত চাঁদের নিচু শটে নেপাল এগিয়ে যায়। বিরতির পরপরই হামজার শিল্পসম্মত গোল বাংলাদেশকে সমতায় ফেরায়। আর তিন মিনিট পর, অর্থাৎ ৪৯তম মিনিটে স্পট কিক থেকে নিজের দ্বিতীয় এবং দলের হয়ে দ্বিতীয় গোলটি করেন তিনি।
এই লিড ধরে রেখে নির্ধারিত সময় শেষ করে বাংলাদেশ। জয়ের আশা তখন আরও উঁচুতে। কিন্তু যোগ করা সময়ের তৃতীয় মিনিটে দীনেশের কর্নার থেকে অনন্ত তামাং দারুণ এক ফ্লিকে গোল করে সমতায় ফেরান নেপালকে। শেষ পর্যন্ত ২-২ গোলেই শেষ হয় ম্যাচ।
















