ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে মঙ্গলবার (২৮মে) সকাল থেকে ভারী বৃষ্টিপাত ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে পাহাড় ধসে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলার সাজেক-দীঘিনালা সড়কে যোগাযোগ বন্ধ হয়ে গেছে। ফলে সাজেকে আটকা পড়েছেন শতাধিক পর্যটক। এদিকে উপজেলার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
খোঁজ নিয়ে জানা গেছে, ভারী বর্ষণের কারণে উপজেলার মারিশ্যা-দীঘিনালা সড়কে ১০টি স্থানে পাহাড় ধসের কারণে সকাল থেকে সারাদেশের সাথে বাঘাইছড়ি উপজেলার যানচলাচল বন্ধ রয়েছে। পাহাড় ধসের ঘটনায় হতাহতের কোন খবর পাওয়া না গেলেও সড়কের দুই পাশে আটকা পড়েছে বহু যানবাহন। এতে দুর্ভোগে পড়েছে সাধারণ মানুষ। সাজেকের মাচালং ও বাঘাইহাট বাজার, বহু ঘর-বাড়ি, স্কুল এবং মাছের পুকুর পাহাড়ি ঢলের পানিতে তলিয়ে গেছে।
বাঘাইছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা শিরীন আক্তার পাহাড় ধসের বিষয়টি নিশ্চিত করে বলেন, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে উপজেলায় পাহাড় ধস ও নিম্নাঞ্চল এলাকা প্লাবিত হয়েছে। যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক করতে বৃষ্টি পড়া বন্ধ হলে সড়ক ও জনপদ বিভাগ ও উপজেলা প্রশাসন সমন্বয়ের মাধ্যমে সড়কের মাটি সরানোর কাজ শুরু করবে।
