parbattanews

খাগড়াছড়িতে চাঁদাবাজির অভিযোগে বাঙালী ছাত্র পরিষদের সম্পাদক গ্রেফতার : শুক্রবার সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ

S M Masum rana02
 
সিনিয়র স্টাফ রিপোর্টার :

চাঁদাবাজির মামলায় পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক এস এম মাসুম রানাকে গ্রেফতার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে খাগড়াছড়ি শহরের মাই ওয়ান টিভি শো-রুম থেকে তাকে গ্রেফতার করা হয়। প্রতিবাদে শুক্রবার (১৩জুন) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসুচীর ডাক দিয়েছে  পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ-পিবিসিপি। 

পুলিশ সূত্রে জানা গেছে, পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক এস এম মাসুম রানা খাগড়াছড়ি শহরের উপজেলা পরিষদ সংলগ্ন নির্মাণাধীন মাধ্যমিক শিক্ষা ভবনে গিয়ে দুই লাখ টাকা চাঁদা দাবী করে এবং এক পর্যায়ে কাজ বন্ধ করে দেয়। এ ঘটনায় সংশ্লিষ্ট কাজ তদারকির দায়িত্বে নিয়োজিত প্রকৌশলী জুনান চাকমা বাদী হয়ে গত ৭ জুন খাগড়াছড়ি থানায় মামলা দায়ের করেন। মামলায় নং ১, তারিখ ০৭-০৬-২০১৪।

খাগড়াছড়ির পুলিশ সুপার শেখ মো: মিজানুর রহমান জানান, দক্ষিণ কোরিয়ার অর্থায়নের ভবনটি নির্মিত হচ্ছে। চাঁদা দাবীর প্রেক্ষিতে মামলা দায়েরে পাশাপাশি অর্থদাতা প্রতিষ্ঠানের পক্ষ থেকে চিঠি দিয়ে পুলিশের সহযোগিতা চাওয়া হয়েছে।  

খাগড়াছড়ি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: আসাদজ্জামান জানান, দক্ষিণ কোরিয়ার অর্থায়নে সারাদেশে এ ধরনের একশ‘টি ভবন হচ্ছে। এটি তার মধ্যে একটি। আমাদের কাছে জায়গা চেয়েছে আমরা ভূমি অধিগ্রহন করে দিয়েছে। তবে ভবন নির্মানের বরাদ্দ কতো তা জানা নেই বলে জানান তিনি।

খাগড়াছড়ি সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: মিজানুর রহমান জানান, গ্রেফতারী পরোয়ানা বলে বাঙ্গালী ছাত্র পরিষদের সাধারন সম্পাদক এস এম মাসুম রানাকে গ্রেফতার করা হয়েছে। মাসুম রানার বিরুদ্ধে চাঁদাবাজিসহ আরো বহু অভিযোগ রয়েছে বলেও তিনি জানান।

এদিকে পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ‘র খাগড়াছড়ি জেলা শাখার সাধারন সম্পাদক এস.এম মাসুম রানাকে গ্রেফতারের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে খাগড়াছড়ি জেলা পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ (পিবিসিপি) নেতৃবৃন্দ। পিবিসিপি নেতা এস এম মাসুম রানাকে আটকের ৩ ঘন্টার মধ্যে মুক্তি না দেয়া হলে শুক্রবার (১৩জুন) খাগড়াছড়ি জেলায় সকাল-সন্ধ্যা সড়ক অবরোধ কর্মসুচীর ডাক দিয়েছে  পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদ-পিবিসিপি

পিবিসিপি নেতৃবৃন্দ দাবী করছে, এটি পার্বত্য বাঙ্গালী ছাত্র পরিষদের বিরুদ্ধে একটি কু-চক্রি মহলের ষড়যন্ত্র। তার বিরুদ্ধে যে সকল অভিযোগ আনা হয়েছে তা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও উদ্দেশ্য প্রনোদিত বলেও দাবী করেন নেতৃবৃন্দ। অবিলম্বে তাকে মুক্তি না দেয়া হলে সড়ক অবরোধ কর্মসূচী পালনের পরপরই কঠোর আন্দোলনের কর্মসূচী ঘোষনা করা হবে বলেও জানান তারা।

এদিকে সর্বাত্মক ও শান্তিপূর্ণ ভাবে সড়ক অবরোধ কর্মসূচী পালনে জেলার সকল যানবাহন মালিক ও শ্রমিক ইউনিয়নের সহযোগিতা কামনা করেছেন পিবিসিপি‘র সভাপতি মো: সাহাজল ইসলাম সজল।

Exit mobile version