জেলা প্রতিনিধি, বান্দরবান :
বান্দরবানের আলীকদ উপজেলায় ১৮ দলের অবরোধকালীন সময়ে ককটেল বিস্ফোরনের ঘটনা ঘটেছে। আজ বৃহস্পতিবার ১৮ দলীয় জোটের টানা অবরোধের তৃতীয় দিনে বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম সদর ইউপি চেয়ারম্যান জামাল উদ্দিন এবং আলীকদম উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক ধুংরি মারমার বাড়ির সামনে এ ঘটনা ঘটে। এসময় ককটেল সদৃশ্য আরো ৩টি বস্তু উদ্ধার করে পুলিশ বাহিনীর সদস্যরা।
এ বিষয়ে আলীকদম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হোসেন জানান, আ’লীগ নেতার বাসার সামনে ককটেল বিস্ফোরনের খবর পেয়ে পুলিশ বাহিনী ঘটনাস্থল পরিদর্শণ করে এবং এসময় ককটেল সদৃশ ৩টি বস্তু উদ্ধার করা হয়। জনমনে আতংক ও ভীতি সৃষ্টির উদ্দেশ্যে অবরোধকারীরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারনা করা হচ্ছে।
এদিকে অবরোধে বান্দরবান থেকে উপজেলা পর্যায়ে কোন যানবাহন ছেড়ে যায়নি। তবে বান্দরবান শহরে অভ্যন্তরীণ সড়কগুলোতে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে। বাস স্টেশনের আশপাশের এলাকাগুলোতে বিএনপির কেন্দ্রীয় কমিটির উপজাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং এবং ১৮ দলীয় জোটের আহবায়ক সাচিং প্রু জেরীর নেতৃত্বে বিএনপি-জামায়াতের নেতাকর্মীরা অবস্থান নিয়েছে।
দুপুর ১২ টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত বান্দরবান-চট্টগ্রাম সড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
নাশকতা এড়াতে বান্দরবান শহররের গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশবাহিনীর সদস্যরা টহল অব্যাহত রেখেছে।