বান্দরবানের রুমায় সেনাবাহিনীর অর্থায়নে ইকো রিসোর্ট নির্মাণ


বান্দরবানের রুমা উপজেলার কেওক্রাডং সংলগ্ন দুর্গম পাড়ার পিছিয়ে পড়া জনগোষ্ঠীর কর্মসংস্থানে বাংলাদেশ সেনাবাহিনীর অর্থায়নে ও সহায়তায় ইকো রিসোর্ট নির্মাণ প্রকল্পের প্রাথমিক উদ্বোধন করা হয়েছে। প্রকল্পটির মালিকানা ও পরিচালনায় থাকবে স্থানীয় বম জনগোষ্ঠী।
শনিবার (২৭ ডিসেম্বর) দুই শতাধিক বম জনগোষ্ঠীর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে মনোরম পরিবেশে নির্মিত ইকো রিসোর্টটির প্রাথমিক উদ্বোধন করেন বান্দরবান রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান, এএফডব্লিউসি, পিএসসি।
প্রকল্পটির প্রাথমিক উদ্বোধনের পর বান্দরবান রিজিয়নের ব্রিগেডিয়ার জেনারেল এস এম রাকিব ইবনে রেজওয়ান বলেন, পার্বত্য চট্টগ্রামে শান্তি, নিরাপত্তা ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে সেনাবাহিনী জনকল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়ন করে যাচ্ছে। এমন কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
তিনি বলেন, এই ইকো রিসোর্ট স্থাপনের মাধ্যমে পিছিয়ে পড়া বম সম্প্রদায়ের সদস্যদের সরাসরি কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে।
তিনি আরও বলেন, এই ইকো রিসোর্ট থেকে অর্জিত আয় শিক্ষা, স্বাস্থ্যসেবা ও অবকাঠামো উন্নয়নসহ স্থানীয় গ্রামবাসীর সামাজিক কল্যাণে ব্যয় করা হবে।
এই সময় সেনাবাহিনীকে সর্বদা সহযোগিতা দিয়ে দেশ এবং পার্বত্য চট্টগ্রামকে শক্তিশালী গড়ে তোলার আহ্বান জানান তিনি।
সমুদ্রপৃষ্ঠ থেকে প্রায় ২১০০ ফুট উচ্চতায় অবস্থিত সুংসুয়াং পাড়ায় বসবাসরত বম জনগোষ্ঠীর জীবন যাত্রার মান উন্নয়নের লক্ষ্যে সেনাবাহিনী ইতিমধ্যে নানা ধরনের উদ্যোগ গ্রহণ করেছে। তারাই ধারাবাহিকতায় এই ইকো রিসোর্ট নির্মাণ। সেনাবাহিনির ২৪ পদাতিক ডিভিশনের অর্থায়নে এই প্রকল্পটি বাস্তবায়নে প্রায় ৩০ লক্ষ টাকা ব্যয় করা হচ্ছে।

















