স্টাফ রিপোর্টার:
‘সাবধানে গাড়ী চালান, জীবন ও সম্পদ বাঁচান’ এ স্লোগানকে সামনে রেখে বান্দরবানে জেলা প্রশাসনের সহযোগিতায় বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট অথরিটি বিআরটিএ’র আয়োজনে পেশাদার গাড়ী চালক এবং মালিকদের অংশ গ্রহণে সড়ক দুর্ঘটনা হ্রাসকল্পে গণসচেতনতামূলক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
এ কর্মসূচী উপলক্ষে সোমবার উপজেলা পরিষদ মিলনায়তনে স্থানীয় চালক এবং মালিকদের অংশগ্রহণে সচেতনতামূলক সেমিনার ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো.হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক মো.আবু জাফর। বিশেষ অতিথি হিসেবে বিআরটিএ’র চট্টগ্রাম সার্কেলের সহকারি পরিচালক পার্কন চৌধুরী, এবং স্থানীয় পরিবহন মালিক সমিতির সম্পাদক সুব্রত দাশ ঝন্টু প্রমুখ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, সড়ক দুর্ঘটনা কমাতে চালক মালিকসহ পথচারীদের সচেতন থাকতে হবে। বক্তারা বলেন, সাবধানে গাড়ি চালালে সড়ক দুর্ঘটনা কম হবে। বাংলাদেশের বর্তমানে রাস্তার তুলনায় গাড়ীর সংখ্যা বেশি, তাই যতদূর সম্ভব রাস্তা সম্প্রসারণসহ রাস্তার ওপর থেকে যে কোন ধরণের বাজার ও স্থাপনা অপসারণের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান চালকেরা।