parbattanews

বান্দরবানে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে তরুণ আহত

বান্দরবান সদর উপজেলায় বৈদ্যুতিক বাল্ব পরিবর্তনকে কেন্দ্র করে দোকানদারের ছুরির আঘাতে মো. রফিক (২৬) নামে এক ব্যক্তি গুরুতর আহত হয়েছেন। এ ঘটনার পর অভিযুক্ত সাকিব পলাতক রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

সোমবার (৩০ মার্চ) রাত নয়টার দিকে তালুকদার পাড়া মেঘলা পর্যটন কেন্দ্র বাজারে এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তি মো. রফিক (২৬), তিনি সদর ইউনিয়নের তালুকদার পাড়ার সৈয়দ কাসেমের ছেলে।

স্থানীয় ও পুলিশ জানায়, মা স্টোরের ইদ্রিসের দোকান থেকে একটি বৈদ্যুতিক বাল্ব কিনে বাসায় নিয়ে যান রফিক। বাড়িতে বাল্ব পরীক্ষা করে নষ্ট থাকায় পুনরায় দোকানে পরিবর্তন করতে আসেন। এ সময় বাল্ব পরিবর্তনকে কেন্দ্র করে দোকানদার ইদ্রিসের সঙ্গে রফিকের কথা-কাটাকাটি হলে এক পর্যায়ে ইদ্রিসের ছেলে সাকিব রফিকের মাথায় আঘাত করেন। পরে দোকান থেকে ছুরি বের করে তার ওপর আঘাত করলে গুরুতর আহত হন রফিক। ঘটনাস্থল থেকে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামে প্রেরণ করা হয়।

আহতের বড় ভাই কামাল বলেন, বাল্ব পরিবর্তনকে কেন্দ্র করে দুজনের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। পরে দোকানদারের ছেলে আমার ভাইয়ের মাথা ফাটিয়ে দেয়, পরবর্তীতে ছুরি দিয়ে আঘাত করলে সে আহত হয়। তার ভাই বিএনপি যুবদলের সঙ্গে জড়িত আছে বলে জানান তিনি।

এ বিষয়ে জেলা যুবদলের সহ-সাংগঠনিক সম্পাদক দিদারুল আলম বলেন, আহত ব্যক্তি যুবদলের কোনো পদে নেই। তিনি দলের নাম ব্যবহার করছেন বলে জানান এই নেতা।

বান্দরবান সদর থানার ওসি মো. শাহেদ পারভেজ বলেন, ভুক্তভোগীরা থানায় এখনো অভিযোগ করেননি। অভিযোগ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

Exit mobile version