parbattanews

বান্দরবানে বন্য হাতির আক্রমণে শিশু আহত

image_39663

জমির উদ্দিন:

বান্দরবান সদর উপজেলার সুয়ালকে বন্য হাতির আক্রমণে আটটি বসতঘর ক্ষতিগ্রস্থ ও নারগিস আক্তার (৫) নামে এক শিশু মারাত্মক ভাবে আহত হয়েছে। আজ বৃহস্পতিবার ভোরে এ ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শীরা জানায়, বৃহস্পতিবার ভোরে সদর উপজেলার সূয়ালক ইউনিয়নের ভাগ্যকুল এলাকার নোয়াপাড়ায় বন্য হাতির দল তাণ্ডব চালিয়ে স্থানীয়দের আটটি বসতঘর ভাঙচুর এবং কয়েকটি ফলজ বাগান তছনছ করেছে। এ সময় বন্য হাতির আক্রমণে নারগিস আক্তার নামে এক শিশু মারাত্মকভাবে আহত হওয়ার খবর পাওয়া গেছে।

আহত শিশুটিকে উদ্ধার চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বান্দরবান সদর উপজেলা চেয়ারম্যান আব্দুল কুদ্দুছ জানান, বৃহস্পতিবার ভোরে ভাগ্যকুল এলাকায় হানা দিয়ে বন্য হাতি আটটি ঘরবাড়ি ভাঙচুর করেছে। এ সময় বয়স্করা পালিয়ে যেতে পারলেও পাঁচ বছরের একটি শিশু ভেতরে আটকে পড়ে বন্য হাতির আক্রমণে মারাত্মকভাবে আহত হয়েছে। প্রতিরাতেই সূয়ালকের কদুখোলা, ভাগ্যকুলসহ আশপাশের এলাকাগুলোতে বন্য হাতি তাণ্ডব চালাচ্ছে। কয়েকমাস ধরে বন্যহাতির আক্রমণ বেড়ে গেছে এলাকাগুলোতে।

এর আগে ২৫ আগস্ট সুয়ালকের কদুখোলায় বন্য হাতির আক্রমণে সামশুল হক (৬৩) নামে এক বৃদ্ধ কৃষকের মৃত্যু হয়েছে। এছাড়াও ২৭ আগস্ট নাইক্ষ্যংছড়ির দোছড়ি ইউনিয়নের চিকনছড়িতে বন্য হাতির আক্রমণে আহম্মদ নবী (৪০) নামে কৃষকের মৃত্যু হয়েছে। এ সময়ও কয়েকটি বসতঘর ও ফলজ বাগানে তাণ্ডব চালায় বন্য হাতি।

Exit mobile version