বান্দরবানে ভ্রমণ নিষেধাজ্ঞা মানছেন না পর্যটকরা

fec-image

খাগড়াছড়ি ও রাঙামাটিতে পাহাড়ি-বাঙালি সহিংসতার জেরে তিন পার্বত্য জেলায় ভ্রমণে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু নিষেধাজ্ঞা অমান্য করে দুর্গাপূজার চারদিনের ছুটিতে বান্দরবানে প্রবেশ করছেন গুটিকয়েক পর্যটক। ফলে কোন অপ্রীতিকর ঘটনা ঘটলে এর দায় কে নেবে এমন প্রশ্ন তুলছেন অনেকেই।

গেল রবিবার (৬ অক্টোবর) বিকালে তিন পার্বত্য জেলায় অনিবার্য কারণবশত পর্যটকদের ভ্রমণ থেকে বিরত থাকার অনুরোধ জানান জেলা প্রশাসন। প্রশাসন থেকে বলা হয়, তিন পার্বত্য জেলায় ৮ অক্টোবর থেকে ৩১ অক্টোবর পর্যন্ত প্রায় ২৪ দিন পর্যটকরা ভ্রমণ করতে পারবে না।

বান্দরবান শহরের কাছে পর্যটন কেন্দ্র মেঘলা, নীলাচল ও শৈলপ্রপাত। কাছে পর্যটন কেন্দ্র হিসেবে বিভিন্ন জেলা থেকে গুটি কয়েক পর্যটকদের আনাগোনা দেখা গেছে। নীলাচল ও মেঘলাতে একদিনে টিকিট বিক্রি হয়েছে ১৫০টি মতো। কুমিল্লা ফেনী, মৌলভীবাজার, দিনাজপুর পার্শ্ববর্তী জেলা চট্টগ্রাম থেকে এসেছে দলবদ্ধভাবে কেউবা আবার পরিবার পরিজনদের নিয়ে ঘুরতে এসেছেন বান্দরবানে। এদিকে পর্যটন কেন্দ্রে নেই কোন ট্যুরিস্ট পুলিশের টহল। পর্যটকদের কোন অঘটন ঘটলে তার দায়ভার কে নিবে সে বিষয়ে জানেন না সংশ্লিষ্টরা।

১৩ জন বন্ধু নিয়ে ফেনী থেকে বান্দরবান ভ্রমণে এসেছেন মাইন উদ্দিন। তিনি বলেন, বান্দরবান ভ্রমণের নিষেধাজ্ঞার বিষয়টি জানেন না তিনি। চেকপোস্টে ন্যাশনাল আইডি কার্ড দেখিয়ে এসেছেন। তখনও আইনশৃঙ্খলা বাহিনী নিষেধাজ্ঞার বিষয়টি অবগত করেননি বলে জানান তিনি।

হাবিবুর রহমান শহীদ সিলেট মৌলভীবাজার থেকে সপরিবারে বান্দরবানে ঘুরতে এসেছেন। তিনি বলেন, পর্যটন সংশ্লিষ্ট কতৃপক্ষ বা সরকারি প্রশাসনের বিধিনিষেধ মানা উচিত। আমরা পর্যটকেরা এসে গেছি আত্মীয়স্বজনদের কাছে আছি। মনের আবেগে হয়তো চলে এসেছি কিন্তু আমাদেরও সচেতন থাকা দরকার।

রাজশাহী থেকে ৩০ জনের একটা টিম নিয়ে বান্দরবান ভ্রমণে এসেছেন। তাদের মধ্যে কচিম উদ্দিন বলেন, রাজশাহী থেকে গতকাল (৯ অক্টোবর) বান্দরবানে এসেছেন। নীলাচল, মেঘলা ও গোল্ডেন টেম্পল ঘুরে চলে যাবেন।

নীলাচল ও মেঘলা পর্যটন কেন্দ্রে টিকিট কাউন্টারে দায়িত্বে থাকা সুমি ত্রিপুরা ও সুকুমার তঞ্চঙ্গ্যা বলেন, সারাদিনে একশোর মতো টিকিট বিক্রি করেছি। জেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের সুনির্দিষ্ট কোনো নির্দেশনা দেয়া হয়নি বলে তিনি জানান।

বান্দরবানের ট্যুরিস্ট পুলিশ সুপার আপেল মাহমুদ বলেন, তিন পার্বত্য জেলায় পর্যটক ভ্রমণে বিরত থাকবে বলা হয়েছে। তারপরও যদি পর্যটক ভ্রমণে এসেছে থাকে, মেঘলা পর্যটন কেন্দ্রে আমাদের পুলিশ টিম পাঠাচ্ছি যাতে পর্যটন কেন্দ্রে থাকা পর্যটকদের সসম্মানে ফিরিয়ে দিতে। একই সাথে বান্দরবান ট্যুরিস্ট পুলিশ সতর্ক অবস্থানে থাকবে যাতে বান্দরবানে পর্যটক ভ্রমণে আসতে না পারে।

এ বিষয়ে জানতে চাইলে জেলা প্রশাসক শাহ্ মোজাহিদ উদ্দিন এক ক্ষুদে বার্তায় জানান, জেলা প্রশাসনের পক্ষ থেকে সকল পর্যটকদের বান্দরবান ভ্রমণে বিরত থাকার অনুরোধ জানিয়েছে। সকল বাহিনী এ বিষয়ে অবগত রয়েছে। বান্দরবানে পর্যটক ভ্রমণে এসেছে এ বিষয়ে অবগত হলাম।

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: পর্যটক, বান্দরবান, ভ্রমণ নি‌ষেধাজ্ঞা
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন