parbattanews

বান্দরবানে সনাতন ধর্মালম্বীদের জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন

সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম ধর্মীয় উৎসব শ্রী শ্রী জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে বান্দরবানের সনাতন ধর্মাবলম্বীরা।

আজ রবিবার (৭ জুলাই) সকালে রথযাত্রা উপলক্ষে বান্দরবান শ্রী শ্রী কেন্দ্রীয় দুর্গা মন্দিরে বিভিন্ন মাঙ্গলিক আনুষ্ঠানিকতার শুরু হয়। দিনব্যাপী চলে হরিনাম সংকীর্তন, বিশ্বশান্তি ও মঙ্গল কামনায় শ্রীমদ্ভাগবত গীতা পাঠ, আরতি কীর্তন, পূজা অর্চনাসহ নানা আয়োজন।

পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের স্থায়ী কমিটির সভাপতি বীর বাহাদুর উশৈসিং প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে রথ টেনে রথযাত্রা অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন। এ সময় আরো উপস্থিত ছিলেন ব্রিগেডিয়ার জেনারেল মো. মেহেদী হাসান, জেলা প্রশাসক মোহাম্মদ শাহ মোজাহিদ উদ্দিন সহ গণ্যমান্য ব্যক্তিবর্গ।

প্রতিবছর আষাঢ়ের শুক্লপক্ষের দ্বিতীয়া তিথিতে এ রথযাত্রা শুরু হয়। ধর্মীয় মাঙ্গলিক কর্ম সম্পাদনের মধ্য দিয়ে সনাতনী ধর্মাবলম্বীরা এই জগন্নাথ দেবের রথযাত্রা উদযাপন করছে।

সনাতন ধর্মাবলম্বীদের মতে, জগন্নাথ দেব হলেন জগতের নাথ বা অধীশ্বর। জগত হচ্ছে বিশ্ব আর নাথ হচ্ছেন ঈশ্বর। তাই জগন্নাথ হচ্ছেন জগতের ঈশ্বর, তার অনুগ্রহ পেলে মানুষের মুক্তিলাভ হয়, জীবরূপে তাকে আর জন্ম নিতে হয় না। এই বিশ্বাস থেকেই রথের ওপর জগন্নাথ দেবের প্রতিমা রেখে প্রতিবছরই বর্ণাঢ্য আয়োজনে রথযাত্রার আয়োজন করে সনাতন ধর্মাবলম্বীরা।

আগামী (১৫ জুলাই) উল্টো রথযাত্রার মধ্য দিয়ে সনাতন ধর্মালম্বীদের এই রথযাত্রা উৎসবের সমাপ্তি হবে।

Exit mobile version