স্টাফ রিপোর্টার :
সকাল ৮ টা থেকে বান্দরবানে ৪টি উপজেলায় ভোট গ্রহণ শুরু হয়েছে। সকালে কেন্দ্রগুলোতে ভোটারের সংখ্যা তেমন দেখা না গেলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে উপস্থিতি বাড়তে পারে। এমনটা জানিয়েছেন রোয়াংছড়ির আন্তা পাড়া সরকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের প্রিজাইডিং অফিসার মং থোইঅং।
লামা, রুমা, রোয়ংছড়ি ও থানছি উপজেলায় ভোটার হচ্ছেন ১ লাখ ৫ হাজার ৯৩৯। মোট ৮৭টি ভোট কেন্দ্রে ৩৫২টি বুথ রয়েছে। আর এসব উপজেলায় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে প্রতিদন্ধীতা করছেন ৩৫ জন প্রার্থী।
এদিকে জেলার চার উপজেলায় কোথাও ভোট কেন্দ্রে বা তার আশে পাশে কোন অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে গাড়ী চলাচল বন্ধ থাকায় ভোটারদের বিভিন্ন পাড়া থেকে ভোট কেন্দ্রে যেতে ৮-১০ কিঃ মিঃ পথ হেটে কেন্দ্রে যেতে দেখা গেছে। আন্তাপাড়া প্রিসাইডিং অফিসার জানান, সকাল ৮টা থেকে ১০টা পর্যন্ত প্রায় ২৩০টি ভোট গ্রহণ করা হয়েছে।
জেলা রির্টানিং অফিসার ইশরাত জামান জানান, ৮৭টি কেন্দ্রের জন্য পুলিশসহ অন্যান্য বাহিনীর ৫ হাজার সদস্য নিয়োজিত রয়েছে। এছাড়া স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনা, বিজিবি এবং ২৫টি মোবাইলকোর্ট দায়িত্ব পালন করছে।
