বান্দরবান ঐক্যবদ্ধ, বিভাজনের কিছু নেই : সাচিংপ্রু জেরী

বান্দরবানে শান্তি ও সম্প্রীতির ধারা বজায় রাখতে সকলের ঐক্যবদ্ধ প্রচেষ্টা প্রয়োজন। শান্তি, সম্প্রীতি, সংহতি ও উন্নয়নের ধারা অব্যাহত রাখতে চাইলে ঐক্যবদ্ধের কোন বিকল্প নেই, একটি ঐক্যবদ্ধ বান্দরবান চাই। তাছাড়া বান্দরবান এক এবং অভিন্ন, বিভাজনের কিছু নেই।
শুক্রবার (৭ নভেম্বর) বিকালে বান্দরবান মুক্তমঞ্চ প্রাঙ্গণে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালীত্তোর সমাবেশে এসব কথা বলেন ৩০০ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও জেলা বিএনপি’র আহব্বায়ক সাচিং প্রু জেরী।
এর আগে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে র্যালী বের করা হয়। শহরে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে মুক্তমঞ্চে সামনে গিয়ে শেষ হয়। এসময় রাজনৈতিক দলের শতাধিক নেতাকর্মীরা সমাবেশে যোগ দেন।
সমাবেশে সাচিং প্রু জেরী বলেন, প্রশাসন, জাতীয়-আঞ্চলিক রাজনৈতিক দল ও স্থানীয় জনগণ মিলে যে সম্প্রীতির বান্দরবন বলা হয় সেটাকে বেগবান বা ধারাবাহিকতা বজায় রাখতে সম্মিলিত প্রচেষ্টা প্রয়োজন। বান্দরবানকে শুধুমাত্র পর্যটন নগরী নয়, পরিবেশ বান্ধব পর্যটন নগরী গড়ার প্রতিশ্রুতি করেন তিনি। এছাড়াও আসন্ন নির্বাচনে জাতীয়তাবাদী দল (বিএনপি’র) পক্ষ থেকে মনোনীত করায় বান্দরবানবাসী ও রাজ পরিবারের পক্ষ থেকে বিএনপি’র চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।
সমাবেশে বান্দরবান জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ওসমান গণী,মশিউর রহমান মিঠুন,মজিবুর রশিদ, জেলা ও উপজেলা পর্যায়ের বিএনপি নেতৃবৃন্দসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের কর্মীরা উপস্থিত ছিলেন।

















