বাবরি মসজিদ নির্মাণে অনুদানের ঢল, একদিনে উঠল ২ কোটি টাকা

fec-image

ভারতের পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদে নির্মিত হচ্ছে অযোধ্যায় ধ্বংস হওয়া বাবরি মসজিদের নামে নতুন মসজিদ। এই মসজিদ নির্মাণ করছেন ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবীর। মসজিদ নির্মাণে কোনো সরকারি অনুদান না নিয়ে সাধারণ মানুষের অর্থায়নে নির্মাণ করবেন বলে আগে ঘোষণা দিয়েছেন হুমায়ুন।

হুমায়ুন কবীরের এমন ঘোষণার পর প্রস্তাবিত ‘বাবরি মসজিদের’ জন্য সাধারণ মানুষের অর্থদানের ঢল নেমেছে। একদিনেই মসজিদের জন্য ১১টি বক্সে জমা পড়ছে কয়েক লাখ টাকা। এখন পর্যন্ত ৭ বক্সে টাকা পড়েছে ৩৭ লাখ। এখনও ৪টি বক্স খোলা বাকি। মসজিদটির বাজেট ধরা হয়েছিল ৩০০ কোটি টাকা।

গতকাল রোববার টাকা গোনার জন্য মেশিন আনা হয়েছিল। অন্যদিকে সামাজিক মাধ্যমেও অনুদানের জন্য আবেদন করেছেন অনেকে। আবার অনেকে কিউআর কোড স্ক্যান করেও অনলাইনে অনুদান দিচ্ছেন। পাশাপাশি ব্যাংক অ্যাকাউন্টে অনুদান এসেছে এক কোটি ৬০ লাখ টাকা।

ভারতীয় সংবাদমাধ্যম টিভি৯ এক প্রতিবেদনে জানিয়েছে, সব মিলিয়ে এখন পর্যন্ত ২ কোটির বেশি টাকা হুমায়ুনের কাছে মসজিদ বাবদ অনুদান এসেছে। বাকি চারটি দানবক্সের টাকার পরিমাণ যুক্ত হলে ধারণা করা হচ্ছে সাড়ে ২ কোটি পার হতে পারে।

দানবক্সের টাকা গোনার জন্য স্থানীয় মাওলানাদের আনা হয়েছে। তারা মেশিনের সাহায্যে টানা গুনেছেন।

হুমায়ুন জানান, ব্যাংকের একটা লিমিট থাকে। প্রতিদিন ২০ লাখ টাকা এন্ট্রি করার জন্য লিমিট করা ছিল। কাল একই দিনে ২০ লাখ টাকা উঠে গিয়েছে। ব্যাংক থেকে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়। পরে চিফ ম্যানেজারের সঙ্গে কথা বলে লিমিট ৪০ লাখ করা হয়েছে।

 

Print Friendly, PDF & Email
ঘটনাপ্রবাহ: অনুদান, অর্থ, বাবরি মসজিদ
Facebook Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন